পুলিশে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। গ্রেপ্তারকৃতরা হলেন গোপালগঞ্জের শাফায়েত হোসেন শেখ ও এনামুল হক আকবর। শাফায়েত নিজেকে সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট হিসেবে পরিচয় দেন। প্রাথমিক তদন্তে জানা গেছে তিনি হত্যা মামলার আসামি। আত্মগোপনে থেকে তিনি দেন পুলিশে চাকরি। গতকাল বুধবার রাজধানীর রাজারবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তারের পর এসব তথ্য জানিয়েছে সিআইডি।
মালিবাগ সিআইডি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে সিআইডির ঢাকা মেট্রো-পশ্চিম বিভাগের বিশেষ পুলিশ সুপার (এসএসপি) জয়নুল আবেদীন বলেন, গ্রেপ্তার আসামিরা বাংলাদেশ পুলিশের চলমান নিয়োগ কার্যক্রমে বিভিন্ন ধাপে বাদ পড়া প্রার্থীদের তথ্য সংগ্রহ করতেন। পরে ওই প্রার্থীদের সঙ্গে যোগাযোগ করে তাদের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মাধ্যমে পুনরায় নিয়োগ প্রক্রিয়ায় অন্তর্ভুক্ত করে পুলিশে চাকরি পাইয়ে দেওয়ার আশ্বাস দিতেন। চাকরির প্রলোভন দেখিয়ে চক্রটি প্রার্থীদের কাছ থেকে অর্থ দাবি করত। চাকরিপ্রার্থীদের আস্থা অর্জনে তারা জামানতের নিরাপত্তা হিসেবে তাদের অগ্রিম ব্যাংক চেক প্রদান করতেন। যাতে ভুক্তভোগীরা প্রতারণার বিষয়টি সহজে বুঝতে না পারেন। এক চাকরিপ্রার্থীর কাছ থেকে সাড়ে চার লাখ টাকা গ্রহণের উদ্দেশ্যে তারা যোগাযোগ করে এবং চাকরি নিশ্চিতের আশ্বাস দেয়।