বিএমইউয়ের হাজার কোটির বাজেটে চমক

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:০১ এএম

সুস্বাস্থ্যের বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে প্রস্তুত হচ্ছে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেট। এক হাজার কোটি টাকার বেশি ব্যয়ের এ বাজেটে অগ্রাধিকার পাবে স্বাস্থ্যসেবা, মেডিকেল শিক্ষার মানোন্নয়ন, গবেষণা ও প্রশিক্ষণ।

গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের শহীদ ডা. মিল্টন হলে অনুষ্ঠিত অর্থ কমিটির ১১৯তম সভায় প্রস্তাবিত বাজেটের রূপরেখা এবং বিশ্ববিদ্যালয়ের ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা উপস্থাপন করা হয়। বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. নাহরীন আখতারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। এবারের বাজেটের মূল সেøাগান ‘সেবায় শ্রেষ্ঠতা, শিক্ষা ও গবেষণায় বিশ্বমান হোক দৃশ্যমান। স্বাস্থ্যসেবায় প্রাধিকার হোক সবার অধিকার। ব্যয় হ্রাস অনুক্ষণ, স্বাস্থ্যসেবা উন্নয়ন।’

সভায় জানানো হয়, ২০২৬-২৭ অর্থবছরের জন্য একটি আধুনিক ও প্রযুক্তিনির্ভর মেগাবাজেট প্রস্তুত করছে বিএমইউ। প্রস্তাবিত বাজেটে প্রথাগত স্বাস্থ্যসেবার গ-ি পেরিয়ে রোবটিক সার্জারি, পেপারলেস অফিস এবং ইলেকট্রনিক মেডিকেল রেকর্ড চালুর মতো উদ্যোগকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। এ ছাড়া ৫৯টি নিজস্ব বিভাগ এবং ৫৫টি অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউট পরিচালনাকারী এ প্রতিষ্ঠানটিকে আন্তর্জাতিক র‌্যাংকিংয়ে এগিয়ে নিতে গবেষণায় বড় বরাদ্দের ইঙ্গিত দেওয়া হয়েছে। একই সঙ্গে বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা ও শতভাগ দুর্নীতিমুক্ত প্রশাসন নিশ্চিত করার ওপর জোর দেওয়া হয়েছে। চলতি মাসেই অনুষ্ঠেয় বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় এ বাজেট চূড়ান্ত অনুমোদন ও আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত