স্বাস্থ্যমন্ত্রী বললেন

প্রতি জেলায় কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে

স্বাস্থ্য ও পরিবারকল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন হঠাৎ রাজবাড়ী জেলা সদর হাসপাতাল পরিদর্শন করেছেন। গতকাল বুধবার দুপুরে প্রায় দেড় ঘণ্টা হাসপাতালে অবস্থানের সময়ে তিনি বিভিন্ন ওয়ার্ড, রান্নাঘর ও সেবার মান পর্যবেক্ষণ করেন। পরিদর্শন শেষে তিনি জানান, প্রতিটি জেলা হাসপাতাল এবং পর্যায়ক্রমে উপজেলা পর্যায়েও কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে, যাতে স্বল্প খরচে রোগীরা নিজ এলাকায় সেবা নিতে পারেন।

অবকাঠামোগত উন্নয়নের বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, হাসপাতালের ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন, মর্গে ফ্রিজার স্থাপন এবং সেবার মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হবে। চিকিৎসক সংকট কাটাতে বিশেষ বিসিএসের মাধ্যমে চিকিৎসক নিয়োগ এবং প্রশিক্ষণ কার্যক্রম জোরদারের কথাও তিনি জানান।

এর আগে গতকাল সকালে কুষ্টিয়া ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল পরিদর্শন শেষে তিনি বলেন, ‘গত ফ্যাসিস্ট সরকারের সীমাহীন অনিয়ম, দুর্নীতি আর অর্থ লুটপাটে ভেঙে পড়েছিল স্বাস্থ্য খাত। সে অবস্থা থেকে বর্তমান সরকার স্বাস্থ্যসেবা খাতে মান বাড়ানোর পাশাপাশি শৃঙ্খলা-স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে কাজ করছে।’