ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া ও কসবা উপজেলার বিভিন্ন পর্যায়ের কৃতী শিক্ষার্থীদের সঙ্গে গত মঙ্গলবার শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমান। ঢাকার গুলশানের লেকশোর হোটেলে আয়োজিত আখাউড়া ও কসবা উপজেলার ৯০ শিক্ষার্থী অংশ নেন। এর মধ্যে আখাউড়া উপজেলার প্রাথমিক, মাধ্যমিক ও কলেজপর্যায়ের ৩৪ জন ছাত্র-ছাত্রী উপস্থিত ছিলেন। ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমানের মেয়ে রহমান ফাউন্ডেশনের চেয়ারম্যান মেহভীন রহমান মুনিয়া এ অনুষ্ঠানের আয়োজন করেন। দুপুরে শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত শুভেচ্ছা বিনিময় আড্ডা চলে। এ সময় সংসদ সদস্য মুশফিকুর রহমান উপস্থিত ছিলেন ।
প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, ২০২৬ শিক্ষাসপ্তাহ ও নতুন কুড়ি স্পোর্টস প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে যেমন, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কবিতা আবৃত্তি, ভারসাম্য দৌড় ইত্যাদি ইভেন্টে জেলা পর্যায়ে শ্রেষ্ঠ হওয়া আখাউড়া ও কসবা উপজেলার ছাত্রছাত্রীদের উৎসাহ প্রদানের লক্ষ্যে প্রধানমন্ত্রী কন্যা জাইমা রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের আয়োজন করা হয়।
জাইমা রহমান প্রতিটি ছাত্রছাত্রীর কাছ থেকে তাদের ইচ্ছার কথা, ভবিষ্যৎ পরিকল্পনার কথা জানতে চান। তাদের পড়ালেখার পাশাপাশি অন্যান্য বিষয়েও অভিজ্ঞতা অর্জন করার পরামর্শ দেন। এ সময় জাইমা তার ব্যক্তিগত জীবনের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন।