সোনামসজিদ ঘুরে দেখলেন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত

ঢাকায় নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন চাঁপাইনবাবগঞ্জের ঐতিহাসিক সোনামসজিদ ও প্রাচীন গৌড়ের বিভিন্ন প্রতœতাত্ত্বিক নিদর্শন পরিদর্শন করেছেন। গতকাল বুধবার সকালে শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ এলাকায় পৌঁছে তিনি স্থাপনাগুলো ঘুরে দেখেন। এ সময় রাষ্ট্রদূত প্রত্নতত্ত্ব নিদর্শনগুলোর ইতিহাস ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে খোঁজখবর নেন।

পরিদর্শনের অংশ হিসেবে রাষ্ট্রদূত সোনামসজিদ স্থলবন্দরের কার্যক্রম পর্যবেক্ষণ ও স্থলবন্দরের ইমিগ্রেশন কার্যক্রম পরিদর্শন করেন। পরে তিনি সোনামসজিদ বিওপিতে বিজিবি সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় সীমান্ত ব্যবস্থাপনা, নিরাপত্তা কার্যক্রম এবং সীমান্ত পরিস্থিতি সম্পর্কেও খোঁজখবর নেন।

রাষ্ট্রদূতের সঙ্গে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, ৫৯ বিজিবি মহানন্দা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ তাজুল ইসলাম চৌধুরী এবং শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম উপস্থিত ছিলেন।

কর্মকর্তারা জানান, সফরকালে রাষ্ট্রদূত প্রাচীন গৌড় অঞ্চলের ঐতিহাসিক গুরুত্ব, সাংস্কৃতিক ঐতিহ্য এবং সীমান্ত এলাকার বিভিন্ন কার্যক্রম সম্পর্কে আগ্রহ প্রকাশ করেন।