রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আদলে দেশের সব উন্নয়ন কর্তৃপক্ষকে আগামী ছয় মাসের মধ্যে অনলাইনে ভবন নকশা অনুমোদন কার্যক্রম চালুর নির্দেশ দিয়েছে সরকার। এ জন্য রাজউকের বিদ্যমান সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা দেওয়া হয়েছে। গত ১ জুন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনাসংক্রান্ত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
সচিবালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন মন্ত্রণালয়ের সচিব মো. নজরুল ইসলাম। সভায় জানানো হয়, বর্তমানে রাজউকে ওয়ান স্টপ সার্ভিস (ওএসএস) প্ল্যাটফর্মের মাধ্যমে ভবন নির্মাণ অনুমোদনের কার্যক্রম অনলাইনে পরিচালিত হচ্ছে। এ সেবার নির্ধারিত সময়সীমা ২৪ কার্যদিবস। এ ছাড়া ইলেকট্রনিক কনস্ট্রাকশন পারমিট সিস্টেমের (ইসিপিএস) মাধ্যমে ভূমি ব্যবহার ছাড়পত্রও শতভাগ অনলাইনে প্রদানের ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। এস্টেট ও ভূমি শাখার সংশ্লিষ্ট ব্যবহারকারীদের আগামী দুই মাসের মধ্যে প্রয়োজনীয় প্রশিক্ষণ সম্পন্ন করে নতুন ব্যবস্থাটি পুরোপুরি চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায়
গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের বলেন, সরকারের নির্বাচনী অঙ্গীকার ও রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে এসব সিদ্ধান্ত নির্ধারিত সময়ে বাস্তবায়ন হবে। সময়মতো বাস্তবায়নে ব্যর্থ হলে সংশ্লিষ্ট কর্মকর্তা ও দপ্তরকে দায় বহন করতে হবে বলেও তারা সতর্ক করেন।