যুক্তরাষ্ট্রের কানসাস সিটির অ্যারোহেড স্টেডিয়ামে বসে প্রিয় দল আর্জেন্টিনা ও লিওনেল মেসির হ্যাটট্রিক জয় উপভোগ করলেন দেশের জনপ্রিয় তারকা দম্পতি নাদিয়া আহমেদ ও নাঈম। গতকাল বুধবার ম্যাচ শেষে সামাজিক মাধ্যমে ছবি ও ভিডিও প্রকাশ করে নিজেদের উচ্ছ্বাস ভক্তদের সঙ্গে ভাগ করে নেন তারা। শেয়ার করা ছবিতে নাদিয়াকে আর্জেন্টিনার জার্সিতে এবং নাঈমকে পতাকার রঙের সঙ্গে মিল রেখে আকাশি টি-শার্টে গ্যালারি মাতাতে দেখা যায়। ম্যাচজুড়ে এই তারকা জুটির উল্লাস ছিল চোখে পড়ার মতো। নাদিয়ার সেই পোস্টে ভক্ত-অনুরাগীদের মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকেই সরাসরি মেসির খেলা দেখার এই অভিজ্ঞতাকে ‘ইতিহাসের সাক্ষী’ হওয়া ও ‘জীবন সার্থক’ বলে মন্তব্য করেছেন। তবে নেটিজেনদের একাংশ প্রতিপক্ষের শক্তিমত্তা নিয়ে প্রশ্ন তুলে কটাক্ষ করতেও ছাড়েননি। কেউ কেউ মন্তব্য করেছেন, প্রতিপক্ষের খেলোয়াড়দের ইনজুরির কারণে এই জয় সহজ হয়েছে, তাই উদযাপনটা একটু সংযত হওয়াই ভালো।
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থানরত এই তারকা দম্পতি ২০১৬ সালের ১৫ জানুয়ারি বিবাহবন্ধনে আবদ্ধ হন। দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে বিনোদন অঙ্গনে নিজেদের শীর্ষস্থান ধরে রাখার পাশাপাশি বাস্তব জীবনেও সুখী দাম্পত্য বজায় রেখে চলছেন তারা।