স্টার সিনেপ্লেক্সে ‘সামার বাংলা হিট ফেস্ট’

আপডেট : ১৮ জুন ২০২৬, ০৭:০৩ এএম

চলচ্চিত্রপ্রেমীদের জন্য বিশেষ উৎসব ‘সামার বাংলা হিট ফেস্ট’-এর আয়োজন করেছে দেশের জনপ্রিয় মাল্টিপ্লেক্স চেইন স্টার সিনেপ্লেক্স। সাম্প্রতিক সময়ের তুমুল জনপ্রিয় ৪টি বাংলা চলচ্চিত্র নিয়ে আগামীকাল ১৯ জুন থেকে ২৫ জুন পর্যন্ত সপ্তাহব্যাপী এই উৎসব চলবে স্টার সিনেপ্লেক্সের দেশজুড়ে থাকা সব শাখায়।

উৎসবে প্রদর্শিতব্য চলচ্চিত্রগুলো হলো মেহেদী হাসান হৃদয় পরিচালিত শাকিব খান ও ইধিকা পাল অভিনীত অ্যাকশন ঘরানার ‘বরবাদ’; রায়হান রাফী পরিচালিত শাকিব খান, জয়া আহসান ও আফরান নিশো অভিনীত হাই-ভোল্টেজ সিনেমা ‘তা-ব’;  তানিম নূর পরিচালিত নব্বই দশকের আবহে তারকাবহুল পারিবারিক সিনেমা ‘উৎসব’ এবং হুমায়ূন আহমেদের ‘কিছুক্ষণ’ উপন্যাস অবলম্বনে নির্মিত সফল চলচ্চিত্র ‘বনলতা এক্সপ্রেস’।

স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা সিটি, সীমান্ত সম্ভার, এসকেএস টাওয়ারসহ সব শাখার কাউন্টার ও অফিশিয়াল ওয়েবসাইটে অগ্রিম টিকিট পাওয়া যাবে।

বাংলা চলচ্চিত্রের প্রতি দর্শকদের ক্রমবর্ধমান আগ্রহকে সম্মান জানাতেই এই উদ্যোগ। স্টার সিনেপ্লেক্সের মিডিয়া প্রধান মেসবাহ উদ্দিন আহমেদ বলেন, ‘সাম্প্রতিক সময়ে পরিবার নিয়ে হলে আসার প্রবণতা আমাদের শিল্পের জন্য আশাব্যঞ্জক। দর্শকদের এই কৌতূহল দেখেই আমাদের এই আয়োজন। ভিন্ন ঘরানার এই ৪টি চলচ্চিত্র সব বয়সের দর্শককে হলমুখী করবে এবং দেশীয় চলচ্চিত্রের চলমান জোয়ারকে আরও বেগবান করবে বলে আমাদের বিশ্বাস।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত