বলিউডের জনপ্রিয় অভিনেত্রী মাধুরী দীক্ষিত সম্প্রতি মুক্তিপ্রাপ্ত ‘মা বহেন’ চলচ্চিত্রে তার অভিনয়ের জন্য প্রশংসিত হচ্ছেন। ছবিটিতে তার চরিত্রটিকে স্লিভলেস ব্লাউজ পরার কারণে সমাজের নানা সমালোচনার মুখোমুখি হতে হয়। বাস্তব জীবনেও ক্যারিয়ারের শুরুর দিকে এমন বডি শেমিংয়ের শিকার হয়েছিলেন বলে এক সাক্ষাৎকারে জানিয়েছেন এই তারকা।
মাধুরী জানান, আশির দশকে ‘অবোধ’ (১৯৮৪) চলচ্চিত্রের মাধ্যমে ডেবিউ করার পর তার বেশ কিছু ছবি বক্স অফিসে ব্যর্থ হয়। সে সময় প্রচলিত নায়িকাসুলভ গড়ন না থাকায় এবং অতিরিক্ত শুকনা হওয়ার কারণে অনেকেই তাকে ‘একে কিছু খাওয়াও’ বলে কটূক্তি করত। তবে তখন ইন্টারনেট না থাকায় এসব মন্তব্য এড়িয়ে যাওয়া সহজ ছিল। বর্তমানে সোশ্যাল মিডিয়ার যুগে সমালোচনা সামলানোর উপায় হিসেবে তিনি নিজেকে ভালোবাসার এবং নিজের কাজে মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
পরবর্তী সময় ১৯৮৮ সালে ‘তেজাব’ ছবির ‘এক দো তিন’ গানের মাধ্যমে রাতারাতি তারকাখ্যাতি পান মাধুরী। সম্প্রতি নেটফ্লিক্সে মুক্তি পাওয়া সুরেশ ত্রিবেণীর থ্রিলারধর্মী ‘মা বহেন’ চলচ্চিত্রে তৃপ্তি দিমরি ও রবি কিশানের সঙ্গে অভিনয় করে আবারও আলোচনায় এসেছেন তিনি।