দেশসেরা কুমিল্লার নির্ঝর

প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬-এ নৃত্য (বালক) বিভাগে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করে দেশসেরা হয়েছে কুমিল্লার নির্ঝর দাস আদি। ১৬ জুন ঢাকায় প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে আয়োজিত চূড়ান্ত প্রতিযোগিতায় কৃতিত্বের স্বাক্ষর রাখায় তাকে মেডেল পরিয়ে দেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। জাতীয় পর্যায়ের এই সাফল্যের আগে আদি ধারাবাহিক শ্রেষ্ঠত্ব বজায় রেখে উপজেলা, জেলা এবং গত ১০ জুন চট্টগ্রাম বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতাতেও প্রথম স্থান অর্জন করেছিল। এর আগে গত বছর ‘নতুন কুঁড়ি’র জাতীয় পর্যায়সহ বিভিন্ন মাধ্যমে সে প্রতিভার স্বাক্ষর রাখে।

নির্ঝর কুমিল্লা নগরীর গুলবাগিচা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী এবং ঠাকুরপাড়া বাগানবাড়ীর জীবন চন্দ্র দাস ও মাধুরী সূত্রধরের একমাত্র সন্তান। আদির এই সাফল্যে পরিবার ও বিদ্যালয়ে আনন্দের জোয়ার বইছে। তার নৃত্যগুরু নটরাজ নৃত্যাঙ্গনের শিক্ষক অভিজিৎ সরকার এই অর্জনকে কুমিল্লার সাংস্কৃতিক অঙ্গনের জন্য বড় গৌরব ও সম্মান মনে করেন।