নাটকে ফুটবল উন্মাদনা

ফুটবল নিয়ে যেমন নির্মিত হয়েছে বিশ্বখ্যাত চলচ্চিত্র, প্রামাণ্যচিত্র, তেমনি আমাদের দেশের নির্মাতারাও ছোটপর্দার জন্য নির্মাণ করেছেন ফুটবল নিয়ে নাটক। আর্জেন্টিনা-ব্রাজিল নিয়ে চিরন্তন রেষারেষি, ট্রল, প্রেম আর নিখাদ কমেডি নিয়ে নির্মিত বেশ কয়েকটি নাটক ডিজিটাল প্ল্যাটফর্মে কোটি কোটি দর্শকের মন জয় করেছে। ইউটিউব চ্যানেলে প্রকাশিত নতুন ও পুরনো জনপ্রিয় ফুটবল নাটক নিয়ে আমাদের এ আয়োজন। লিখেছেন তারেক আনন্দ

ঢাকাইয়া ফুটবল

ফুটবল বিশ্বকাপের উন্মাদনা ও পুরান ঢাকার স্থানীয় সংস্কৃতিকে কেন্দ্র করে ইউটিউবে মুক্তি পেয়েছে নতুন বিশেষ নাটক ‘ঢাকাইয়া ফুটবল’। সুলতান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশিত এই নাটকটিতে প্রধান দুই চরিত্রে অভিনয় করেছেন দেশের জনপ্রিয় দুই তারকা তৌসিফ মাহবুব ও ফারহান আহমেদ জোভান। তাদের সঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন নবাগত অভিনেত্রী সানজানা রিয়া। নাটকটির গল্পে দেখা যায়, পুরান ঢাকার সূত্রাপুরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের চিরচেনা বৈরিতা এবং দুই দলের মধ্যকার চরম উত্তেজনা। তৌসিফ ও জোভান যথাক্রমে এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী দলের নেতার ভূমিকায় অভিনয় করে দর্শকদের হাসির খোরাক জুগিয়েছেন। ফুটবল ম্যাচ, বিপুল অংকের প্রাইজমানি এবং স্থানীয় এক বড় ভাইয়ের বাজি ধরাকে কেন্দ্র করে নাটকের কাহিনি হাস্যরসাত্মক মোড় নেয়। তবে শেষ পর্যন্ত মাঠের লড়াই ছাপিয়ে এই খেলাই সবাইকে এক সুতায় বেঁধে দেয়। নাটকটি বেশ দর্শকপ্রিয়তা পাচ্ছে।

পাড়ার বিশ্বকাপ

ফুটবল বিশ্বকাপের তুমুল উন্মাদনাকে কেন্দ্র করে আরটিভি ড্রামা সিরিয়াল ইউটিউব চ্যানেলে সম্প্রতি মুক্তি পেয়েছে বিশেষ নাটক ‘পাড়ার বিশ্বকাপ’ (এপিসোড ১)। নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন রাশেদ সীমান্ত, অহনা রহমান, সাব্বির অর্নব, মাহিমা, রকি খান, সাহেলা আক্তার প্রমুখ।

নাটকটির গল্পে দেখা যায়, একটি বিয়ের কথাবার্তা চলার সময় পাত্র ব্রাজিলের এবং পাত্রী আর্জেন্টিনার অন্ধ সমর্থক হওয়ায় বিয়ে ভেঙে যায়। এ ছাড়া পাড়ায় আর্জেন্টিনা ও ব্রাজিলের পতাকা টাঙানো, দেয়াল রাঙানো এবং নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ নিয়ে দুপক্ষের মধ্যে তুমুল ও হাস্যরসাত্মক দ্বন্দ্ব শুরু হয়।

বউ আর্জেন্টিনা জামাই ব্রাজিল

আর্জেন্টিনা ও ব্রাজিল ফুটবল দলের চির বৈরী সমর্থন নিয়ে নির্মিত হয়েছে নতুন নাটক ‘বউ আর্জেন্টিনা জামাই ব্রাজিল’। আর এইচ সোহেলের গল্প ও লিটু সাখাওয়াতের রচনায় নাটকটি পরিচালনা করেছেন শাখাওয়াত শিবলী। এর প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনয়শিল্পী আ খ ম হাসান ও মৌসুমী হামিদ। নাটকের গল্পে দেখা যায়, বাসর রাতেই নবদম্পতি টিনা (আর্জেন্টিনা সমর্থক) ও তানজিলের (ব্রাজিল সমর্থক) মধ্যে প্রিয় দল নিয়ে তুমুল ঝগড়া শুরু হয়। এই বিরোধ একপর্যায়ে দুই পরিবার ও পুরো গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয় চেয়ারম্যান আসন্ন বিশ্বকাপে দুই দলের মুখোমুখি ম্যাচের মাধ্যমে জয়-পরাজয় নির্ধারণের শর্ত দেন। নাটকটিতে আরও অভিনয় করেছেন লিজা খানম, মনি কাঞ্চন, মৌমিতা, দ্বীপ প্রমুখ।

ব্যাচেলরস ফুটবল

ফুটবল উন্মাদনা আর হাস্যরসের মিশেলে দর্শকমহলে সবচেয়ে বড় ঝড় তুলেছিল কাজল আরেফিন অমি পরিচালিত বিশেষ এই নাটকটি। ধ্রুব টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই এটি ছিল ট্রেন্ডিংয়ের শীর্ষে। মূলত ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের চিরচেনা চরিত্রগুলোর চির বিবদমান ফুটবলপ্রীতিই এই গল্পের মূল উপজীব্য। নাটকে মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, চাষী আলম ও মিশু সাব্বিরদের আর্জেন্টিনা বনাম ব্রাজিল সমর্থনের তীব্র বিভক্তি ও মাঠের মুখোমুখি লড়াই রূপ নেয় চরম উত্তেজনায়। শুভ নিজেকে ‘মেসি’ আর কাবিলা নিজেকে ‘নেইমার’ দাবি করে যেভাবে মাঠে নামে, তা ছিল এক কথায় অনবদ্য। বর্তমানে এই নাটকটির ভিউ ৪ কোটির বেশি।

ফাউল

ফুটবলের মাঠ ও মাঠের বাইরে সাধারণ মানুষের নানামুখী পাগলামি আর পাড়া-মহল্লার টুর্নামেন্টের ভেতরের নোংরা রাজনীতিকে উপহাস করে নির্মিত হয়েছে ‘ফাউল’। লেজার ভিশনের ব্যানারে অবমুক্ত এই জনপ্রিয় কমেডি নাটকটি পরিচালনা করেছেন ইফতেখার আহমেদ ফাহমি। নাটকের মূল চরিত্রে অভিনয় করেছেন দর্শকপ্রিয় অভিনেতা মোশাররফ করিম। খেলায় নিয়ম না মেনে ফাউল করার অনৈতিক প্রবণতা এবং স্থানীয় রাজনীতির মারপ্যাঁচকে নিজের চিরায়ত ও শক্তিশালী অভিনয়শৈলী দিয়ে ফুটিয়ে তুলেছেন তিনি। তার সঙ্গে জেনি ও কচি খন্দকারের রসায়নে তৈরি এই নাটকটির ভিউ দাঁড়িয়েছে ১ কোটি ২০ লাখে।

মহল্লার ওয়ার্ল্ড কাপ

ফুটবল টুর্নামেন্ট এলে কীভাবে একটি পুরো মহল্লা দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে, সেই চিরচেনা রূপটি উঠে এসেছে এই নাটকে। লেজার ভিশনের চ্যানেলে মুক্তি পাওয়া এই নাটকটিতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন ছোটপর্দায় বর্তমান সময়ের পরিচিত মুখ আরোশ খান ও মহিমা। ফুটবল নিয়ে বড়দের ও ছোটদের ইগো, জেদ এবং এর সমান্তরালে তরুণ প্রজন্মের প্রেম-ভালোবাসার এক মিষ্টি রসায়ন এই গল্পে তুলে ধরা হয়েছে।