চাকরি দেওয়ার নামে বিধবা নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ 

খাগড়াছড়ির গুইমারায় এক বিধবা নারীকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে গ্রাম থেকে চট্টগ্রামের হাটহাজারীতে নিয়ে গণধর্ষণ করার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৮ জুন) খাগড়াছড়ি সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগীর ডাক্তারি পরীক্ষা করা হয়েছে।

স্থানীয় ও পুলিশ জানায়, গত ১৩ জুন গুইমারা উপজেলার স্থানীয় এলাকার ৩০ বছরের ওই নারীকে বড়ইতলী গ্রামের বাসিন্দা ম্রাচাই মারমা একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেওয়ার কথা বলে চট্টগ্রাম নিয়ে যায়। ওইদিন রাতে তাকে হাটহাজারী একটি এলাকায় নিয়ে একটি বাসায় উঠেন ম্রাচাই মারমা। পরবর্তীতে সেখানে চারজন মিলে ওই নারীকে ধর্ষণ করে।

ভুক্তভোগীর ছোটভাই জানান, ম্রাচাই মারমা তাদের পাশের গ্রামের বড়ইতলী এলাকার বাসিন্দা। সেই লোক তার বোনকে চাকরি দেওয়ার নাম করে চট্টগ্রাম নিয়ে গেছে। চাকরি না দিয়ে হাটহাজারীতে নিয়ে গিয়ে কয়েকজন মিলে ধর্ষণ করেছে। এ ঘটনায় থানা মামলা হয়েছে বলে জানান তিনি। 

কুকিছড়া গ্রামের পাড়া প্রধান (কারবারী) চাইহ্লাপ্রু মারমা জানান, অভিযুক্ত ম্রাচাই মারমাকে বৃহস্পতিবার সকালে এলাকাবাসী ধরে থানায় নিয়ে যায়।

এবিষয়ে গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী জানান, কুকিছড়া এলাকায় ধর্ষণের অভিযোগে এক ব্যক্তিকে ধরে থানা নিয়ে আসতেছে জেনেছি। যদি থানা নিয়ে আসে হয় আর মামলা হয়ে থাকে তবে আইনগত ব্যবস্থা নিয়ে আসামিকে আদালতে পাঠানো হবে বলে জানান তিনি।