মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু

নেত্রকোনার হাওর বিস্তৃত দুই উপজেলায় মাছ ধরতে গিয়ে পৃথক স্থানে বজ্রপাতে তিনজন মারা গেছেন। বৃহস্পতিবার (১৮ জুন) সকালে কেন্দুয়া ও মদন উপজেলায় এসব মৃত্যুর ঘটনা ঘটে।

নিহতরা হলেন- মদন উপজেলার জয়পাশা গ্রামের ইটভাটা শ্রমিক রাজীব মিয়া (২৫), কেন্দুয়া উপজেলার মাসকা ইউনিয়নের দিগলি গ্রামের শামসুল হুদা (৫৫) এবং ডাউকি গ্রামের আশরাফুল ইসলাম (২৫)।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, সকালে বৃষ্টির সময় মদনে বাড়ির সামনের গণেশের হাওরে রাজীব মিয়া, এবং একই সময় কেন্দুয়া উপজেলার মোড়াইল বিলে ও সান্দিকোনা গ্রামের খালপাড়ে মাছ ধরতে গিয়ে কৃষক শামছুল হুদা ও আশরাফুল বজ্রপাতের শিকার হয়ে ঘটনাস্থলেই মারা যান।

কেন্দুয়া ও মদন থানার ওসি জানান, তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।