জেমিনির জাদুতে বদলে যাচ্ছে গুগলের স্মার্ট স্পিকার

দীর্ঘদিন ধরে ধাপে ধাপে ছোটখাটো আপডেটের পর এবার গুগল তাদের স্মার্ট হোম স্পিকারের ভবিষ্যৎ বদলাতে বড় বাজি ধরেছে। কোম্পানিটি তাদের উন্নত এআই মডেল জেমিনি-কে কেন্দ্র করে গুগল হোম স্পিকার নামে সম্পূর্ণ নতুন এক স্মার্ট স্পিকার বাজারে এনেছে, যার দাম ধরা হয়েছে ৯৯.৯৯ ডলার।

এই নতুন ডিভাইসটি গুগলের সর্বশেষ স্ট্যান্ডঅ্যালোন স্মার্ট স্পিকার, যা ২০২০ সালের নেস্ট অডিওর পর প্রথম বড় আপডেট হিসেবে এসেছে। তখনকার স্মার্ট স্পিকারগুলো মূলত ছিল গান শোনা, টাইমার সেট করা বা স্মার্ট হোম ডিভাইস নিয়ন্ত্রণের সীমিত সহায়ক। কিন্তু আজকের এআই-চালিত যুগে সেই সীমাবদ্ধতা আর কার্যকর নয়।

প্রাকৃতিক ভাষায় আরও স্মার্ট নিয়ন্ত্রণ

নতুন গুগল হোম স্পিকার এর সবচেয়ে বড় সুবিধা হলো এখন ব্যবহারকারীরা স্বাভাবিক ভাষায় কথা বলে জটিল কাজ করাতে পারবেন। আগের মতো নির্দিষ্ট কমান্ড মনে রাখার প্রয়োজন নেই।

উদাহরণ হিসেবে বলা যায়, ব্যবহারকারী বলতে পারবেন:
“সব লাইট বন্ধ করো, শুধু আমার বিছানার পাশের লাইটটা ছাড়া” অথবা, “রান্নাঘরের লাইট ডিম করো, কিছু শান্ত সংগীত চালাও এবং ২০ মিনিটের টাইমার সেট করো।”

এমনকি কথা বলার মাঝখানে ভুল হলেও সংশোধন করা যাবে। যেমন, “কফি মেকার বন্ধ করো… মানে চালু করো” এআই সেটি বুঝে সঠিক কাজটি করবে।

গুগল স্মার্ট স্পিকার

আরও মানবিক কথোপকথনের অভিজ্ঞতা

ডিভাইসটিতে থাকবে ১০টি নতুন ভয়েস, যা ব্যবহারকারীর সঙ্গে শুধু কমান্ড নয়, বিভিন্ন বিষয়ের উপর স্বাভাবিক দুই-মুখী কথোপকথন করতে পারবে। ব্যবহারকারীরা জেমিনির মতোই গভীর ও ব্যাখ্যামূলক প্রশ্ন করতে পারবেন।

এছাড়া “কন্টিনিউ কনভারসেশন” ফিচারের মাধ্যমে মাইক্রোফোন কিছু সময় সক্রিয় থাকবে, ফলে প্রতিবার “হেই গুগল” না বলেও প্রশ্নের ধারাবাহিকতা বজায় রাখা যাবে।

নতুন ডিজাইন ও ভিজ্যুয়াল ইঙ্গিত

ডিভাইসটির ডিজাইন আগের মতোই নরম ও গোলাকার, চারপাশে থাকবে ৩ডি নিট টেক্সটাইল কভার। যুক্তরাষ্ট্রে এটি জেড ও বেরি রঙে পাওয়া যাবে, আর অন্যান্য অঞ্চলে হ্যাজেল ও পোরসেলিন রঙ থাকবে।

ডিভাইসের নিচে একটি নতুন রিং লাইট থাকবে, যা ব্যবহারকারীকে জানাবে—ডিভাইসটি শুনছে, ভাবছে, নাকি উত্তর দিচ্ছে।

এআই ফিচারের জন্য সাবস্ক্রিপশন

গুগল নতুন একটি সাবস্ক্রিপশন সার্ভিসও চালু করছে—গুগল হোম প্রিমিয়াম , যার মূল্য মাসে ১০ ডলার বা বছরে ১০০ ডলার।

এই পেইড প্ল্যানে ব্যবহারকারীরা পাবেন আরও উন্নত এআই সুবিধা। যেমন:

  • জেমিনি লাইভ এর মাধ্যমে আরও স্বাভাবিক ও মুক্ত কথোপকথন
  • “হেই গুগুল, লেটস চ্যাট” বলেই সরাসরি কথোপকথন শুরু
  • নেস্ট ক্যামেরা থেকে পাওয়া তথ্য বিশ্লেষণ করে ঘরের কার্যকলাপের সারাংশ পাওয়া

তবে সব ফিচারই ফ্রি নয়, অনেক উন্নত সুবিধা ব্যবহার করতে হলে সাবস্ক্রিপশন লাগবে। গুগল প্রথম ছয় মাস এসব প্রিমিয়াম ফিচার বিনামূল্যে দেবে, এরপর ব্যবহারকারীদের পেইড প্ল্যানে যেতে হবে।

বিশ্লেষকদের মতে, এই পদক্ষেপ সফল হলে গুগল শুধু স্মার্ট স্পিকারকে নতুনভাবে সংজ্ঞায়িতই করবে না, বরং জেনারেটিভ এআই-ভিত্তিক সাবস্ক্রিপশন মডেলের মাধ্যমে নতুন আয়ের পথও তৈরি করবে। ডিভাইসটি ইতিমধ্যেই প্রি-অর্ডারের জন্য উন্মুক্ত এবং চলতি মাসের শেষের দিকে বাজারে আসবে।