গোপনে বিয়ে সেরেছেন টম হল্যান্ড-জেন্ডায়া

হলিউডের জনপ্রিয় তারকা জুটি টম হল্যান্ড এবং জেন্ডায়ার বিয়ে নিয়ে দীর্ঘদিনের গুঞ্জন অবশেষে সত্যি হতে চলেছে। সম্প্রতি এক সাক্ষাৎকারে টম হল্যান্ডের দেওয়া ইঙ্গিতপূর্ণ মন্তব্য তাদের গোপনে বিয়ে করার জল্পনায় সিলমোহর দিল। চলতি বছরের শুরুতে জেন্ডায়ার স্টাইলিস্ট ল’ রোচের দাবির পর সামাজিক যোগাযোগমাধ্যমে এই জুটির বেশ কিছু এআই-নির্মিত ‘বিয়ের ছবি’ ছড়িয়ে পড়ে। এক ম্যাগাজিনের সাক্ষাৎকারে টম জানান, তার ঠাকুমা সেই ছবিগুলোকে সত্যি ভেবে মন খারাপ করেছিলেন যে তাকে বিয়েতে ডাকা হয়নি। তবে পরিবারের বাকিদের বিষয়টি বোঝাতে হয়েছিল কি না এমন প্রশ্নে টমের চটজলদি উত্তর ছিল, না। ‘স্পাইডার-ম্যান’ সিনেমার সেট থেকে শুরু হওয়া এই প্রেম ২০২১ সালে প্রকাশ্যে আসে এবং ২০২৪-এর শেষে বাগদানের পর এবার তা পরিণয়ে রূপ নিল।