সাংবাদিকতার রোমাঞ্চ গোপন সত্যের লড়াই হেডলাইন

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৬:৩৩ এএম

ওটিটি প্ল্যাটফর্ম ‘হইচই’তে মুক্তি পেয়েছে বহুল প্রতীক্ষিত অরিজিনাল সিরিজ ‘হেডলাইন’-এর অফিশিয়াল ট্রেইলার। সালেহ সোবহান অনীম পরিচালিত আট পর্বের এই ক্রাইম-

থ্রিলার সিরিজটি আগামী ২৫ জুন থেকে বিশ্বব্যাপী স্ট্রিম হবে। পোস্টার ও টিজার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি নিয়ে দর্শকদের মাঝে আগ্রহ ও কৌতূহল তৈরি হয়েছে।

সিরিজটির মূল প্রেক্ষাপট আবর্তিত হয়েছে সাংবাদিকতার রোমাঞ্চকর জগৎ এবং সত্য অনুসন্ধানের এক নিরন্তর লড়াইকে কেন্দ্র করে। গল্পের মূল চরিত্র সামিউল নামের এক তরুণ রিপোর্টার, যে একটি বিশাল মানি লন্ডারিং সিন্ডিকেটের তথ্য ফাঁস করে ক্যারিয়ারের সবচেয়ে বড় ব্রেক পায়। কিন্তু প্রথম পাতায় ছাপা হওয়া তার প্রতিবেদনটি রাতারাতি গায়েব হয়ে গেলে শুরু হয় এক মরণঘাতী খেলা। তার ইনভেস্টিগেশন পার্টনার পোড়খাওয়া সাংবাদিক জহির বাধ্য হয় গা-ঢাকা দিতে এবং দুর্নীতিবাজ ডিবি অফিসাররা হন্যে হয়ে তাদের পিছু নেয়।

দীর্ঘ দুই বছর পর ওটিটিতে ফিরে জহির চরিত্রে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেতা জিয়াউল ফারুক অপূর্ব। বহুমাত্রিক এই চরিত্রটি এবং সমসাময়িক প্রেক্ষাপটের শক্তিশালী গল্পই তাকে এই সিরিজে কাজ করতে আকৃষ্ট করেছে বলে তিনি জানান। অন্যদিকে তিন বছর পর এই সিরিজের মাধ্যমে ওটিটিতে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রী আফসান আরা বিন্দুর, যার চরিত্রের নাম আইরিন। তরুণ সাংবাদিক সামিউলের চরিত্রে ইয়াশ রোহান এবং দোলন চরিত্রে অভিনয় করেছেন সারিকা সাবরিন। এ ছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন শ্যামল মাওলা, ফারহানা হামিদ ও আমিনুর রহমান মুকুলসহ অনেকে। গোপন সত্য উন্মোচনের এই রোমাঞ্চকর গল্পটি দেখতে দর্শকদের চোখ রাখতে হবে হইচই-এর পর্দায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত