বিশ্বব্যাপী যুদ্ধ ও সংঘাত বন্ধের আহ্বান জানিয়ে জনপ্রিয় ব্যান্ড ‘শিরোনামহীন’ প্রকাশ করেছে তাদের নতুন গান ‘যুদ্ধ’। এটি ব্যান্ডের নবম অ্যালবামের প্রথম গান। ইতিমধ্যে শিরোনামহীনের অফিশিয়াল ইউটিউব চ্যানেল ও ফেসবুকে উন্মুক্ত করা হয়েছে।
ব্যান্ডের দলনেতা ও গীতিকার জিয়াউর রহমান জিয়ার কথায় গানটির যৌথ সুর করেছেন জিয়া ও কাজী আহমেদ শাফিন। গানের কথায় যুদ্ধক্ষেত্রের মিসাইলকে ফড়িং, বোমার বদলে ফুল আর গ্রেনেডের মুখে রক্তগোলাপ ফোটার আকুতি জানিয়ে বিশ^শান্তির বার্তা দেওয়া হয়েছে। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে একটি ভিডিওচিত্র।
গানটি প্রসঙ্গে জিয়াউর রহমান বলেন, ‘২০২৫ সালে বিশ^জুড়ে যুদ্ধ ও সহিংসতায় প্রায় ২ লাখ ৪৫ হাজার মানুষ প্রাণ হারিয়েছে, যা দ্বিতীয় বিশ^যুদ্ধের পর অন্যতম প্রাণঘাতী সময়। আমরা গানের মাধ্যমে যুদ্ধের বিরুদ্ধে আমাদের স্পষ্ট শান্তিপ্রিয় বার্তা তুলে ধরেছি।’
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকে প্রায় তিন দশক ধরে শ্রোতাদের পছন্দের গান উপহার দিচ্ছে শিরোনামহীন। ২০০৪ সালে তাদের প্রথম অ্যালবামের ‘জাহাজী’, ‘হাসিমুখ’ গান দুটি দারুণ সাড়া ফেলে। সর্বশেষ ‘বাতিঘর’সহ এ পর্যন্ত আটটি সফল অ্যালবাম প্রকাশ করেছে তারা। বর্তমানে জিয়াউর রহমান, কাজী আহমেদ শাফিন, শেখ ইশতিয়াক, সাইমন চৌধুরী ও সুদীপ্ত সিনহা দীপুকে নিয়ে গঠিত শিরোনামহীন দলটির নতুন অ্যালবামের কাজ চলছে। পাশাপাশি আসন্ন যুক্তরাষ্ট্র ও ইউরোপ সফরের পরিকল্পনাও করছে ব্যান্ডটি।