কোরিয়ার গতির সামনে শক্ত রক্ষণ মেক্সিকোর

২০২৬ বিশ্বকাপের গ্রুপ ‘এ’-তে শীর্ষস্থান ধরে রাখার রোমাঞ্চকর লড়াইয়ে মুখোমুখি হচ্ছে সহ-আয়োজক মেক্সিকো ও এশিয়ার পরাশক্তি দক্ষিণ কোরিয়া। মেক্সিকোর গুয়াদালাহারা স্টেডিয়ামে হতে যাওয়া এই হাই-ভোল্টেজ ম্যাচের ওপর নির্ভর করছে নকআউট পর্বের ভাগ্য। নিজেদের প্রথম ম্যাচে জয় পাওয়ায় দুই দলই এখন সমান ৩ পয়েন্ট নিয়ে টেবিলের সুবিধাজনক অবস্থানে রয়েছে।

প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ২-০ গোলে হারিয়ে শুভসূচনা করলেও মেক্সিকান শিবিরে স্বস্তি নেই। ঘরের মাঠের উপচেপড়া দর্শকের সামনে দলের ১০ জন খেলোয়াড়ের বিশ্বকাপ অভিষেক হওয়ায় স্নায়ুচাপে ভুগছিল দল। ম্যাচের আগে মেক্সিকোর অভিজ্ঞ কোচ হাভিয়ের আগুয়ের সাফ জানিয়ে দিয়েছেন, খেলোয়াড়দের নার্ভাসনেস দেখার ধৈর্য তার শেষ, ‘অভিষেকের স্নায়ুচাপের কারণে প্রথম ম্যাচে ওদের ছাড় দিয়েছিলাম। কিন্তু বিশ্বমঞ্চে দাঁড়িয়ে কেউ তিন-চার মিটারের সাধারণ পাস দিতে পারবে না বা অনুশীলনের কৌশল ভুলে যাবে তা আর বরদাস্ত করা হবে না।’

তার ওপর এই মহাগুরুত্বপূর্ণ ম্যাচে মেক্সিকো পাচ্ছে না তাদের এক নির্ভরযোগ্য খেলোয়াড়কে। আগের ম্যাচে লাল কার্ড দেখায় এই ম্যাচে নিষিদ্ধ হয়েছেন সিজার মন্তেস। উল্টোদিকে, দক্ষিণ কোরিয়ার প্রধান অস্ত্র তাদের গতি। চেক প্রজাতন্ত্রের বিপক্ষে পিছিয়ে পড়েও ২-১ ব্যবধানে জেতা কোরিয়ানদের কাউন্টার-অ্যাটাক নিয়ে বেশ চিন্তিত মেক্সিকো কোচ। সেপ্টেম্বর মাসের এক প্রীতি ম্যাচের উদাহরণ টেনে আগুয়ের বলেন, ‘কোরিয়ানদের আক্রমণভাগের গতি রুখতে আমাদের রক্ষণকে সদা সতর্ক থাকতে হবে। আক্রমণ করার সময়ও পেছনে নজর রাখতে হবে। ওদের দুজন থাকলে আমাদের অন্তত তিনজন ডিফেন্ডার প্রস্তুত রাখা চাই।’