রাজধানীর শ্যামপুর পোস্তগোলা এলাকায় মাইক্রোবাসের ধাক্কায় অজিত বাবু (৫৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন।
শুক্রবার (১৯ জুন) সকাল পৌনে ৯টার দিকে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে এই দুর্ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় পুলিশ তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক সকাল সাড়ে ৯টার দিকে মৃত ঘোষণা করেন।
শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক কুমার পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পোস্তগোলা যাত্রী ছাউনির সামনে রাস্তা পার হচ্ছিলেন অজিত বাবু নামে ওই ব্যক্তি। এ সময় দ্রুতগতির একটি মাইক্রোবাস তাকে ধাক্কা দেয়। এতে রাস্তায় পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
অজিত বাবু পুরান ঢাকার বাংলা বাজার এলাকায় থাকতেন। আত্মীয়-স্বজনদের খবর দেওয়া হয়েছে।
এসআই দীপক কুমার আরও জানান, ঘটনার পরপরই মাইক্রোবাসটি জব্দ করা হয়েছে এবং চালককে আটক করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাক মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে।