ফের আইনি জটে জটিলতায় 'দ্য কেরালা স্টোরি ২'

বিতর্ক যেন পিছুই ছাড়ছে না বলিউড সিনেমা ‘দ্য কেরালা স্টোরি’ ফ্র্যানঞ্চাইজির। প্রথম পর্বের পর তার সিক্যুয়ালল 'দ্য কেরালা স্টোরি ২' সিনেমার ছাড়পত্রকে চ্যালেঞ্জ জানিয়ে এবং ছবির নাম থেকে 'কেরালা' শব্দটি বাদ দেওয়ার দাবি তুলে এবার মামলা দায়ের করা হয়েছে। 

 সেই মামলার পরিপ্রেক্ষিতেই বৃহস্পতিবার (১৮ জুন) কেরালা হাইকোর্ট এই ছবির নির্মাতা বিপুল অমৃতলাল শাহকে জরুরি নোটিশ পাঠিয়েছে। কোচির বাসিন্দা যোহান জর্জ এই মামলাটি দায়ের করেছেন। মামলার শুনানির সময় বিচারপতি পি.ভি. কুনহিকৃষ্ণনের বেঞ্চ প্রশ্ন তোলেন, সিনেমাটি যেহেতু ইতিমধ্যে প্রেক্ষাগৃহে মুক্তি পেয়ে গেছে এবং বহু মানুষ দেখে ফেলেছেন, তাই এখন এই আবেদনের আর কোনো কার্যকারিতা আছে কি! 

তবে মামলাকারী আদালতকে জানান যে, ওটিটি প্ল্যাটফর্ম 'জি ফাইভ'-এ সিনেমাটির স্ট্রিমিং এখনও চলছে, তাই বিষয়টি এখনও প্রাসঙ্গিক। এই যুক্তির পর হাইকোর্ট মামলাটি খতিয়ে দেখতে রাজি হয়। আবেদনে দাবি করা হয়েছে, সিনেমাটিতে কেরালা রাজ্যকে নেতিবাচকভাবে তুলে ধরা হয়েছে, যা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে। এর পাশাপাশি অভিযোগ, ছবির প্রযোজক ভারতীয় ন্যায় সংহিতা-এর ১৯৬ ধর্ম বা জাতির ভিত্তিতে বিদ্বেষ ছড়ানো, ১৯৭ জাতীয় সংহতি বিরোধী বক্তব্য এবং ২৯৯ ধর্মীয় অনুভূতিতে আঘাত করার উদ্দেশ্যে বিদ্বেষমূলক কাজ, ধারার অধীনে অপরাধ করেছেন। যেহেতু ১ মে ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভ-এ সিনেমাটির প্রিমিয়ার হয়েছে, তাই এই মামলায় 'জি এন্টারটেইনমেন্ট এন্টারপ্রাইজ লিমিটেড'-কেও যুক্ত করার আবেদন জানানো হয়েছে। 

এর আগে, ২৬ ফেব্রুয়ারি বিচারপতি বেচু কুরিয়ান থমাসের সিঙ্গল বেঞ্চ ছবিটির মুক্তির ওপর দুই সপ্তাহের স্থগিতাদেশ দিয়েছিল এবং সেন্সর বোর্ডকে-এর সার্টিফিকেশন পুনর্বিবেচনা করার নির্দেশ দিয়েছিল। তবে সিনেমার নির্মাতারা সঙ্গে সঙ্গে সেই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করেন। পরদিনই, বিচারপতি সুশ্রুত অরবিন্দ ধর্মাধিকারী এবং পি.ভি. বালাকৃষ্ণনের ডিভিশন বেঞ্চ সিঙ্গল বেঞ্চের ওই স্থগিতাদেশ তুলে নেয়, যার ফলে সেদিন বিকালেই সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পায়।