ফ্রি ফায়ার গেম নিয়ে বিরোধ, কেরানীগঞ্জে বন্ধুর হাতে বন্ধু খুন

ঢাকার কেরানীগঞ্জে মোবাইলে ফ্রী ফায়ার গেইমস খেলাকে কেন্দ্র করে বিরোধের জেরে ইমন (১৮) নামে এক কিশোর খুন হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত আরাফাত হোসেন রবিউলকে (২০) গ্রেপ্তার করেছে দক্ষিন কেরানীগঞ্জ থানা পুলিশ।

শুক্রবার (১৯ জুন) সকালে কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের পারগেন্ডারিয়া এলাকায় এ খুনের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, গতকাল রাতে দুই বন্ধু ইমন ও রবিউল একসাথে সদরঘাটে বড় স্ক্রীনে বিশ্বকাপ ফুটবল খেলা দেখতে যায়। সেখানে ফ্রী ফায়ার খেলাকে কেন্দ্র করে দুইজনের মধ্যে কথা কাটাকাটি ও তর্ক বিতর্ক হয়। রবিউল ইমনকে দেখে নেয়ার হুমকি দেয়। খেলা দেখা শেষে আজ শুক্রবার ভোরে যে যার মতো পারগেন্ডারিয়া এলাকায় ফিরে আসে।

এলাকায় এসে রবিউল আবারো ইমনের ওপর চরাও হয়। তর্ক বিতর্কের এক পর্যায়ে পারগেন্ডারিয়া মাদ্রাসার সামনে এলে রবিউল একটি সুইচ গিয়ার চাকু দিয়ে ইমনের পায়ে জোড়ালো আঘাত করে। গুরুত্বর আহত হয়ে ইমন মাটিতে লুটিয়ে পরলে আশেপাশের লোকজন ইমনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায় এবং রবিউলকে আটক করে থানায় খবর দেয়।

হাসপাতালে নেওয়ার পথে অতিরিক্ত রক্তক্ষরণে ইমন মারা যায়। পরে হাসপাতালে নিলে হাসপাতালের ডাক্তাররা ইমনকে মৃত ঘোষনা করে।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল আলম জানান, খুনের ঘটনায় মূল আসামিকে সাথে সাথে গ্রেপ্তার করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। থানায় একটি হত্যা মামলা হচ্ছে।