বিএনপির নবনিযুক্ত স্থায়ী কমিটির সদস্য ও সাবেক ডাকসুর ভিপি আলহাজ্ব আমান উল্লাহ আমান বলেছেন, দেশে যে উন্নয়নের ধারা শুরু হয়েছে, তা অব্যাহত থাকবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ, কৃষি, শিল্প ও প্রযুক্তিসহ বিভিন্ন খাতে যে অগ্রগতি শুরু হয়েছে, তা দেশের মানুষের কল্যাণে ধারাবাহিকভাবে এগিয়ে নিতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সোমবার (২৪ আগস্ট) বিকেলে ঢাকা-২ আসনের কেরানীগঞ্জের হযরতপুর এলাকায় বেগম খালেদা জিয়া আঞ্চলিক মহাসড়কের মেরামতকাজের উদ্বোধন এবং ইটাভাড়া ব্রিজের নাম ‘শহীদ কাজী নাজিমউদ্দীন সেতু’ নামকরণের উদ্বোধনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. উমর ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আমান উল্লাহ আমান বলেন, উন্নয়নের ধারাবাহিকতা বজায় থাকলে কর্মসংস্থান বৃদ্ধি পাবে, অর্থনীতি আরও শক্তিশালী হবে এবং মানুষের জীবনযাত্রার মান উন্নত হবে। একটি সমৃদ্ধ, আধুনিক ও আত্মনির্ভরশীল বাংলাদেশ গড়তে উন্নয়নের এই অগ্রযাত্রা অব্যাহত রাখা বিএনপির প্রত্যাশা।
তিনি আরও বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঘোষণার মধ্য দিয়েই দেশের জনগণ মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। দেশের প্রতিটি সংকটময় সময়ে জিয়া পরিবার জনগণের পাশে থেকেছে। বেগম খালেদা জিয়া কখনো অন্যায়ের সঙ্গে আপস করেননি বলেই তিনি আপসহীন নেত্রী হিসেবে মানুষের কাছে সমাদৃত।
আমান উল্লাহ আমান বলেন, তারেক রহমান যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমাকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মনোনীত করেছেন, সেই আস্থার মর্যাদা রক্ষায় আমি সর্বোচ্চ চেষ্টা করব। কেরানীগঞ্জ তথা ঢাকা-২ আসনে কোনো মাদক কারবারি ও সন্ত্রাসের স্থান হবে না। আমরা কেরানীগঞ্জকে একটি শান্তিপূর্ণ ও নিরাপদ জনপদ হিসেবে গড়ে তুলতে চাই।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি।
এ সময় উপস্থিত ছিলেন— অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কাজী ফকর উদ্দিন, অবসরপ্রাপ্ত মেজর শফিকুর রহমান, অবসরপ্রাপ্ত মেজর মজিবর রহমান পাঞ্জু, কেরানীগঞ্জ মডেল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি হাজী শামীম হাসান, সাধারণ সম্পাদক হাজী হাসমত উল্লাহ নবী, সহ-সাধারণ সম্পাদক মনিরুল হক মনিরসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।