বিদেশি ইশারায় দেশে সরকারবিরোধীরা ষড়যন্ত্রের শঙ্কার বিষয়ে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ঢাকা-৩ আসনের সংসদ সদস্য গয়েশ্বর চন্দ্র রায়।
তিনি বলেন, বর্তমান সরকারকে ব্যর্থ করার জন্য বিভিন্ন দল এবং বিভিন্ন পথের মানুষ সক্রিয়ভাবে কাজ করছে, এরা বর্তমানে দৃশ্যমান না হলেও নিকট ভবিষ্যতে দৃশ্যমান হওয়ার চেষ্টা করবে। বর্তমান সরকারের যারা বিরোধীতা করছে কিছু দিন পরে বৈদিশিক শক্তির ইশারায় পরষ্পর বিরোধীরাও সরকার বিরোধী ষড়যন্ত্র করতে এক মঞ্চে উঠতে পারে। দেশের সকল জনগনকে ষড়যন্ত্র মোকাবেলায় সচেতন থাকতে হবে।
শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ১১টায় কেরানীগঞ্জের চুনকুটিয়া গার্লস স্কুল প্রাঙ্গনে ঢাকা তিন আসনের অন্তর্গত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে খেলার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে বক্তব্যে তিনি এসব কথা বলেন।
নির্বাচনের আগে জনগণের সামনে বিএনপির পক্ষ থেকে ৩১ দফা কর্মসূচির প্রসঙ্গে গয়েশ্বর চন্দ্র রায় বলেন, প্রধানমন্ত্রীর নেতৃত্বে দেশব্যাপী আমরা সেই প্রতিশ্রুতি বাস্তবায়নে কাজ করছি এবং যথা সময়েই আমাদের দেওয়া প্রতিশ্রুতিগুলো সম্পন্ন হবে।
সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে যে কাজ করছে তা ব্যর্থ করতে অনেকেই ষড়যন্ত্র করছে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, যদিও সেই ষড়যন্ত্রটা এখনও দৃশ্যমান হচ্ছে না। এটা যেকোন মুহূর্তে দৃশ্যমান হতে পারে। আর দৃশ্যমান ষড়যন্ত্র মোকাবেলা করা যত সহজ অদৃশ্য ষড়যন্ত্র মোকাবেলা করা কঠিন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্ত্যব রাখেন নারী সংরক্ষিত আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরী। অনুষ্ঠানে ঢাকা ৩ আসনের ৬২ শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়।