মোহাম্মদপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিএনপি নেতা আহত

রাজধানীর মোহাম্মদপুর থানা এলাকায় দুর্বৃত্তদের ধারালো অস্ত্রের আঘাতে মোহাম্মদপুর থানার ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল ইসলাম (৫৫) গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১৯ জুন) দুপুর আড়াইটার দিকে মোহাম্মাদপুর সাত মসজিদ হাউজিং ৪ নম্বর রোডের ৩১ নম্বর বাসার নিচে এই ঘটনা ঘটে। আহত অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

আহত নুরুল ইসলামের ছোট ভাই বিল্লাল হোসেন জানান, মোহাম্মদপুর সাত মসজিদ হাউজিং ভাড়া বাসায় থাকেন তারা। দুুপুরে জুম্মার নামাজ শেষ করে তার ভাই বাসার নিচে আসলে তিনটি মোটরসাইকেল যোগে ৬ জন ব্যক্তি এসে তার ভাইয়ের মুখে, কাঁধে ও বাম হাতে কুপিয়ে জখম করে পালিয়ে যায়। তার চিৎকারে এলাকার লোকজন এগিয়ে আসে। এরপর তাকে দ্রুত সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।

তিনি আরও জানান, তার ভাই নুরুল ইসলাম মোহাম্মাদপুর থানার ৩৩ নং ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক। পাশাপাশি এলাকার ময়লার ব্যবসা করেন। কারা কেন তাকে কুপিয়েছে এই বিষয়ে কিছু জানতে পারেননি তিনি।

৩৩ নম্বর ওয়ার্ডের বিএনপির ক্ষুদ্রঋণ সমবায় বিষয়ক সম্পাদক রাসেল হাওলাদার জানান, নুরুল ইসলাম ৩৩ নম্বর ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। এলাকায় সে খুবই পরোপকারী। তার সাথে কথা বলার চেষ্টা করেছি। মুখে আঘাত থাকায় কথা বলতে পারেনি। কে বা কারা ঘটনা ঘটিয়েছে নুরুল একটু সুস্থ হলে জানতে পারব।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা (পরিদর্শক) মো. ফারুক জানান, মোহাম্মদপুর থেকে আঘাতে আহত হয়ে বিএনপির এক নেতা হাসপাতালে আসে। তার মুখে কাঁধসহ কয়েক জায়গায় জখমের চিহ্ন আছে। জরুরি বিভাগে তার চিকিৎসা চলছে।