রাজধানীর গুলিস্তানে হোটেল রমনায় এক সৌদি প্রবাসীর অস্বাভাবিক মৃত্যু হয়েছে। তার নাম আল আমিন (৪০)। শুক্রবার (১৯ জুন) দুপুরে এই ঘটনা ঘটে। অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
তাকে হাসপাতালে নিয়ে আসা সাগরিকা আক্তার নামে এক তরুণী জানান, আল আমিনের বাড়ি গাজীপুরের কালীগঞ্জ থানা এলাকায়। তিনি সৌদি আরব প্রবাসী। ১৩ জুন তিনি দেশে এসেছেন। সাগরিকার সাথে ৬ মাস আগে ফেসবুকে পরিচয় তার। সাগরিকার বাড়ি বাগেরহাটের মোল্লারহাট উপজেলায়। তার স্বামীর নাম সুজন। সাগরিকা খুলনার একটি নার্সিং কলেজের শিক্ষার্থী।
তিনি জানান, স্বামী ও পরিবারকে না জানিয়ে তিনি (সাগরিকা) আজ সকালেই ঢাকায় এসেছিলেন। আল আমিনও গাজীপুর থেকে এসেছিলেন। দুজন দেখা করেন গুলিস্তানে। সৌদি আরব থেকে সাগরিকার পরিচিত এক ব্যক্তি কিছু জিনিসপত্র পাঠিয়েছিলেন আল আমিনের মাধ্যমে। সেগুলোই নেয়ার জন্য তিনি এসেছিলেন বলে দাবি করেন সাগরিকা।
তিনি আরও জানান, রাস্তায় দাড়িয়ে কথা বলার এক পর্যায়ে আল আমিন ও সাগরিকা হোটেল রমনার ৯ম তলায় ৯২৩ নম্বর রুমে উঠেন। সেখানে উঠার পর আল আমিন বাথরুমে গেলে কিছুক্ষণ পরই একটি শব্দ হয়। সাগরিকা দৌড়ে গিয়ে দেখেন, বাথরুমের ফ্লোরে পড়ে আছেন তিনি। সঙ্গে সঙ্গে হোটেল বয়দের ডেকে আনেন। এরপর হাসপাতালে নিয়ে আসেন। তবে, চিকিৎসক পরিক্ষা নিরীক্ষা করে মৃত ঘোষণা করেন।
চিকিৎসকের বরাত দিয়ে ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ক্যাম্পের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহটি মর্গে রাখা হয়েছে। ঘটনাটি তদন্তের জন্য রমনা থানায় অবগত করা হয়েছে।