ধানমন্ডিতে ভবন থেকে পড়ে শিশু গৃহকর্মীর মৃত্যু

আপডেট : ১৯ জুন ২০২৬, ০৮:১৩ পিএম

রাজধানীর ধানমন্ডি এলাকায় একটি ভবন থেকে নিচে পড়ে রিক্তা আক্তার (১১) নামের এক শিশু গৃহকর্মীর মৃত্যু হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৬টার দিকে ধানমন্ডির ৯/এ নম্বর রোডের ৩৭ নম্বর বাসায় এই ঘটনা ঘটে।

মুমূর্ষু অবস্থায় ওই শিশুটিকে ধানমন্ডি ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

​ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইফুল ইসলাম জানান, মৃত শিশু গৃহকর্মী রিক্তা ধানমন্ডির ওই ভবনের দশ তলায় একটি বাসায় এক মাস ধরে কাজ করে আসছিল। শুক্রবার সকালে বাসার বারান্দা থেকে নিচে পড়ে গুরুতর আহত হয় সে। তখন তাকে উদ্ধার করে দ্রুত ইবনে সিনা স্পেশালাইজড অ্যান্ড কার্ডিয়াক হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। বিস্তারিত তদন্ত করে দেখা হচ্ছে।

এদিকে, মৃত রিক্তার বাবা মো. শাহিন মিয়া জানান, তাদের বাড়ি সুনামগঞ্জের সালনা থানার নিজগাঁও গ্রামে। বর্তমানে তিনি স্ত্রী মাজেদা ও তিন সন্তানকে নিয়ে গাজীপুর টঙ্গি এলাকায় থাকেন। চার সন্তানের মধ্যে রিক্তা ছিল দ্বিতীয়।

রিক্তার বাবা জানান, গত একমাস আগে দশ হাজার টাকার বিনিময়ে এক দালালের মাধ্যমে ধানমন্ডির ওই বাসায় কাজে দেন মেয়েকে। এক সপ্তাহ আগে ভিডিও কল দেন। তখন মেয়ের মুখ ফোলা দেখতে পান। এরপর ওই দালালকে বলেন মেয়েকে বাড়ি দিয়ে যেতে। দালাল বলে আগে দশ হাজার টাকা পরিশোধ করতে। এরপর আর কথা হয়নি। আজকে জানতে পারেন, রিক্তা মারা গেছে।

বাবা অভিযোগ করে বলেন, আমার মেয়ে উপর থেকে পড়ে মারা যায়নি। তাকে মেরে ফেলা হয়েছে। আমি আমার মেয়ে হত্যার বিচার চাই। আমার মেয়েকে যারা হত্যা করেছে তাদের কঠিন বিচার হোক।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত