শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেছেন লেখাপড়াকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনশীলতা ও দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে। তিনি বলেন, দেশের বিপুল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করতে শিক্ষার্থীদের দক্ষতা ও যোগ্যতা অর্জনের দিকে মনোযোগী হতে হবে।
আজ শুক্রবার (১৯জুন) বিকেল সাড়ে ৪টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের প্রবেশিকা অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।
বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ কামরুল আহসান। ওই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী। এ ছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মো. শামছুল আলম, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মুহম্মদ নজরুল ইসলাম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আব্দুর রব।
প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী বলেন, পরিবার, সমাজ ও দেশের প্রতি আমাদের সবারই দায়বদ্ধতা রয়েছে। বাংলাদেশের ভবিষ্যৎ অনেকাংশে নির্ভর করছে শিক্ষিত তরুণ সমাজের ওপর। বিশ্বের বিভিন্ন দেশে জনসংখ্যা কমে গেলেও বাংলাদেশে জনসংখ্যা বাড়ছে। এই বিশাল জনসংখ্যাকে মানবসম্পদে রূপান্তর করার দায়িত্ব আমাদের সবার, বিশেষ করে শিক্ষার্থীদের।
তিনি আরও বলেন, লেখাপড়াকে শুধু ডিগ্রি অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে উৎপাদনশীলতা ও দক্ষতার সঙ্গে যুক্ত করতে হবে। সঠিক শিক্ষা ও দক্ষতা অর্জনের মাধ্যমে বাংলাদেশ বিশ্বপরিবর্তনের অন্যতম শক্তিশালী জাতিতে পরিণত হতে পারে।
অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। বিভিন্ন অনুষদের প্রায় দুই হাজার শিক্ষার্থী এতে অংশ নেন। বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো. এ বি এম আজিজুর রহমান শিক্ষার্থীদের নিজ নিজ অনুষদের ডিনদের কাছে উপস্থাপন করেন এবং সংশ্লিষ্ট ডিনরা তাদের আনুষ্ঠানিকভাবে বরণ করে নেন। পরে উপাচার্য নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান।