শিবিরের ‘মিথ্যা গুম ও অপহরণের নাটক’র প্রতিবাদে জাবিতে ছাত্রদলের বিক্ষোভ

আপডেট : ১৪ জুন ২০২৬, ০৭:১৮ পিএম

বাংলাদেশ ইসলামি ছাত্রশিবির কর্তৃক মিথ্যা গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘঠনের প্রতিবাদে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বিক্ষোভ মিছিল করেছে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।

রবিবার (১৪ জুন) বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের পরিবহন চত্বর থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের পুরাতন প্রশাসনিক ভবন সংলগ্ন সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনারের সামনের সড়কে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

এসময় নেতাকর্মীরা ‘গুমের নাটক করে যারা, দেশবিরোধী শত্রু তারা’, ‘মুনাফেকি আর ভণ্ডামি, শিবিরের মূলনীতি’, ‘ধর্ষণ করে গুমের নাটক, চলবে না চলবে নাসহ’ বিভিন্ন স্লোগান দেন।

সমাবেশে জাবি শাখা ছাত্রদলের সদস্য সচিব ওয়াসিম আহমেদ অনিকের সঞ্চালনায় আহ্বায়ক জহির উদ্দিন মোহাম্মদ বাবর বলেন, ‘ক্যাম্পাসগুলো শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় রাখার জন্য ক্ষমতাসীন ছাত্র সংগঠনের পাশাপাশি বিরোধী দলের ছাত্র সংগঠনকেও এগিয়ে আসতে হবে।

আপনারা জানেন, কয়দিন আগে ইসলামি ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ-আন্তার্জাতিক সম্পাদক জিসানকে দেখলাম গুম হয়ে গেছে। পরে বাংলাদেশের আইনশৃঙ্খলা বাহিনী যখন তাকে আটক করলো, তখন তাদের ষড়যন্ত্র সম্পর্কে তথ্য উদ্ধার করা হয়েছে। মিথ্যা গুমের নাটকের মাধ্যমে বিগত সময়ে ফ্যাসিস্ট আমলে যে গুম, খুন হয়েছে সেগুলোকে হালকাভাবে উপস্থাপন করার চেষ্টা করেছে তারা। এতে প্রকৃত গুমের শিকার ভুক্তভোগীদের অবমাননা করা হয়েছে। অথচ, এ শিবির নেতা একজন নারীকে ধর্ষণ করে এবং ভ্রুণ হত্যার মতো ঘটনা ঘটিয়ে গুমের নাটক করেছে। এর মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার জন্য তারা সরকারকে দোষারোপ করেছে।

তিনি বলেন, আমরা জামায়াত-শিবিরকে বলবো আপনারা বটবাহিনীর প্রোপাগাণ্ডামূলক রাজনীতি পরিহার করে সুষ্ঠু রাজনীতি করুন। অন্যথায় ছাত্রদল আপনাদের প্রতিহত করবে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সর্বোচ্চ চেষ্টা করবে।

বিক্ষোভ কর্মসূচি শেষে নেতাকর্মীরা উত্থাপিত অভিযোগসমূহের নিরপেক্ষ তদন্ত এবং সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থার  দাবি জানান।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত