ইসরায়েল যেন চুক্তি মানে, যুক্তরাষ্ট্রকে দায়িত্ব নিতে বলল ইরান

ইরান বলেছে, যুক্তরাষ্ট্রকে নিশ্চিত করতে হবে যেন ইসরায়েল দুই দেশের মধ্যে হওয়া সমঝোতা স্মারক (এমওইউ)–এর সব শর্ত ঠিকভাবে মেনে চলে।

ইরানের উপ-পররাষ্ট্রমন্ত্রী সাঈদ খতিবজাদেহ এক সাক্ষাৎকারে এই আহ্বান জানান। তিনি কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরাকে দেওয়া বক্তব্যে বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে হওয়া সমঝোতা কার্যকর রাখতে হলে ইসরায়েলের ওপরও এর শর্ত বাস্তবায়ন নিশ্চিত করা জরুরি।

তিনি বলেন, ইরান কূটনৈতিক আলোচনার প্রক্রিয়া চালিয়ে যেতে প্রস্তুত। তবে অন্য পক্ষও যদি একই ধরনের আন্তরিকতা দেখায়, তাহলে তারা ধাপে ধাপে সামনে এগোতে চায়।

খতিবজাদেহ আরও বলেন, ইরান সব ফ্রন্টে শান্তি চায়, যার মধ্যে গাজাও রয়েছে। তার ভাষায়, এই কারণে সংঘাতের সঙ্গে সরাসরি সম্পর্ক থাকায় লেবাননকেও সমঝোতা কাঠামোর মধ্যে রাখা হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, দখলদারিত্ব শেষ না হলে এবং আন্তর্জাতিক আইন মানা না হলে লেবাননসহ পুরো অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা আসবে না।

হরমুজ প্রণালী নিয়ে তিনি বলেন, ইরান ওমানের সঙ্গে সমন্বয় করে এবং আন্তর্জাতিক আইন মেনে নৌচলাচল সেবা অব্যাহত রাখবে।

তিনি জানান, চুক্তির ৬০ দিনের সময়সীমার মধ্যে এই জলপথ ব্যবহারের জন্য কোনো ফি নেওয়া হবে না। তবে সময় শেষ হলে নতুন একটি ব্যবস্থাপনা কাঠামো চালু করা হবে, যা পরে আঞ্চলিক দেশগুলোর কাছে উপস্থাপন করা হবে।

সবশেষে তিনি বলেন, ভবিষ্যতের যেকোনো চুক্তিতে ইরানের জব্দ করা সব অর্থ ফেরত দেওয়ার বিষয়টি অবশ্যই অন্তর্ভুক্ত থাকতে হবে।

সূত্র: আল-জাজিরা