পিত্তথলির পাথরের অগ্ন্যাশয়ের প্রদাহ হলো পিত্তথলির পাথর সাধারণ পিত্তনালিতে বাধা সৃষ্টি করে। যা ক্ষুদ্রান্ত্রে অগ্ন্যাশয়ের এনজাইমগুলোর বহিঃপ্রবাহকে বাধা দেয়, ফলে অগ্ন্যাশয়ের তীব্র প্রদাহ হয়।
কারণ
পিত্তথলিতে জমা হওয়া কঠিন পাথর পিত্তনালিতে প্রবেশ করতে পারে এবং পিত্তনালি এবং অগ্ন্যাশয় নালি ক্ষুদ্রান্ত্রে প্রবেশের জন্য যেখানে মিলিত হয়, সেখানে আটকে যেতে পারে। এই বাধা অগ্ন্যাশয়ের এনজাইমগুলোকে ক্ষুদ্রান্ত্রে প্রবাহিত হতে বাধা দেয়। যার ফলে তারা অগ্ন্যাশয়ে ফিরে আসে এবং প্রদাহ সৃষ্টি করে।
লক্ষণ
ব্যথা : পেটের ওপরের অংশে হঠাৎ তীব্র ব্যথা অনুভূত হতে পারে এবং যা পরবর্তী সময় পিঠে ছড়িয়ে পড়ে।
হজমের সমস্যা : বমি বমি ভাব বা বমি হওয়া এবং ক্ষুধা হ্রাস পাওয়া।
অন্যান্য লক্ষণ : জ্বর, ঠান্ডা লাগা, দ্রুত হৃদস্পন্দন এবং সম্ভাব্য জন্ডিস (ত্বক বা চোখের হলুদ ভাব)।
রোগ নির্ণয়
রোগের লক্ষণ এবং রক্ত পরীক্ষা একত্রিত করে পিত্তথলির পাথরের অগ্ন্যাশয়ের প্রদাহ নির্ণয় করা হয়। অবস্থার তীব্রতা বা অবনতি হলে সিটি স্ক্যান, এমআরসিপি করতে বলেন ডাক্তার।
চিকিৎসা
এন্ডোস্কোপিক রেট্রোগ্রেড কোলাঞ্জিও প্যানক্রিয়াটোগ্রাম (ঊজঈচ) : এই পদ্ধতিতে লম্বা, পাতলা নল ব্যবহার করা হয়। যা রোগীর গলা দিয়ে এবং পরিপাকতন্ত্রে প্রবেশ করে পিত্তনালি থেকে পিত্তথলির পাথর অপসারণ করে।
পিত্তথলি অপসারণ (কোলেসিস্টেক্টমি) :
পিত্তথলি অপসারণ করা হয়, যা মূলত ল্যাপারোস্কোপিক পদ্ধতিতে করা হয়।
প্রতিরোধ
যদিও পিত্তথলির পাথর এবং পিত্তথলির অগ্ন্যাশয়ের প্রদাহ সবসময় প্রতিরোধ করা যায় না। তবুও আপনি স্বাস্থ্যকর ওজন বজায় রেখে, স্বাস্থ্যকর খাদ্যগ্রহণ এবং ডায়াবেটিস এবং উচ্চ কোলেস্টেরলের মতো অবস্থা কমিয়ে ঝুঁকি হ্রাস করে। যদি আপনার পিত্তথলির পাথরের প্যানক্রিয়াটাইটিসের ইতিহাস থাকে, তাহলে পুনরাবৃত্তি রোধ করতে পিত্তথলি অপসারণ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ।