বুবলীকন্যা শারলিনকে দেখার আগ্রহ ভক্তদের

কয়েকদিন আগেই কন্যা সন্তানের মা হয়েছেন চিত্রনায়িকা শবনম ইয়াসমিন বুবলী। মা হওয়ার পর প্রথমবার নতুন লুক ও গ্ল্যামারাস উপস্থিতির কারণে ভক্তদের নজর কাড়লেন তিনি। 

শনিবার (২০ জুন) নিজের ভ্যারিফায়েড ফেসবুক পেজে একগুচ্ছ নতুন ছবি প্রকাশ করেন এই অভিনেত্রী। ছবিগুলোতে দেখা যাচ্ছে, বিয়ের সাজে সেজেছেন বুবলী। প্রথম দেখায় অনেকের মনে হতে পারে, এটি হয়তো তার বাস্তব জীবনের কোনো আয়োজন। কিন্তু বিষয়টি মোটেও তা নয়। জানা গেছে, একটি প্রতিষ্ঠানের প্রচারণামূলক কাজের অংশ হিসেবেই বধূবেশে ক্যামেরাবন্দি হয়েছেন তিনি। 

ছবিতে বুবলীকে দেখা যায় বেগুনি রঙের ভারি নকশাখচিত লেহেঙ্গায়। পোশাকটির সঙ্গে তিনি পরেছেন সাদা পাথরের জমকালো গয়না। কপালে কালো পাথরের টিকলি, নিখুঁত মেকআপ ও আত্মবিশ্বাসী হাসি তার সৌন্দর্যকে আরও উজ্জ্বল করে তুলেছে। পুরো সাজে যেন এক রাজকীয় আবহ ফুটে উঠেছে।  ছবিগুলোর সঙ্গে দেওয়া ক্যাপশনেও রঙের প্রতি নিজের ভালোবাসার কথা প্রকাশ করেছেন অভিনেত্রী। বুবলী লিখেছেন, ‘অন্য সব রঙ তো কেবলই রঙ, কিন্তু বেগুনি রঙের ভেতরে যেন আলাদা প্রাণ আছে।’ 

বুবলীর এই পোস্ট প্রকাশের পরপরই ভক্ত-অনুরাগীদের মন্তব্যে ভরে যায় কমেন্ট বক্স। অনেকেই তার সৌন্দর্য, পোশাক ও সাজের প্রশংসা করেছেন। কেউ লিখেছেন, ‘বেগুনি রঙে আপনাকে অসাধারণ লাগছে।’ আবার কেউ মন্তব্য করেছেন, ‘একদম রাজকন্যার মতো দেখাচ্ছে।’ 

তবে প্রশংসার পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও কৌতূহল প্রকাশ করেছেন অনেকে। বিশেষ করে সম্প্রতি জন্ম নেওয়া কন্যাসন্তান শারলিন খানের ছবি দেখার আগ্রহ প্রকাশ করেছেন ভক্তরা। অনেকেই জানতে চেয়েছেন, কবে নবজাতকের ছবি প্রকাশ করবেন অভিনেত্রী। যদিও এসব প্রশ্নের কোনো জবাব দেননি বুবলী।