জনপ্রিয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র ‘কে-পপ ডেমন হান্টার্স’ আজ ২০ জুন মুক্তির এক বছর পূর্ণ করেছে। মুক্তির পর থেকেই বিশ্বজুড়ে দর্শকদের মাঝে অভূতপূর্ব উন্মাদনা সৃষ্টি করা এই সিনেমাটি টানা ৫২ সপ্তাহ ধরে নেটফ্লিক্সের বৈশ্বিক শীর্ষ তালিকার প্রথম দশে অবস্থান করে এক অনন্য কীর্তি স্থাপন করেছে। এটি বর্তমানে নেটফ্লিক্সের ইতিহাসের অন্যতম সর্বাধিক দেখা চলচ্চিত্রে পরিণত হয়েছে। কেবল ভিউয়ারশিপ নয়, বরং সিনেমাটির জনপ্রিয় গান ‘গোল্ডেন’ সেরা মৌলিক গানের ক্যাটাগরিতে অস্কার ও গ্র্যামি পুরস্কার জয় করে বিশ্ব সংগীতেও নিজেদের আধিপত্য প্রমাণ করেছে।
এই অভাবনীয় সাফল্য সম্পর্কে সিনেমার সহ-পরিচালক ও নির্মাতা ম্যাগি কাং জানিয়েছেন যে, শুরুতে তারা কেবল দর্শকদের সঙ্গে একটি যোগসূত্র তৈরির লক্ষ্য নির্ধারণ করেছিলেন। কিন্তু এটি যে বৈশ্বিক পরিসরে এমন আলোড়ন সৃষ্টি করবে, তা ছিল তাদের কল্পনার বাইরে। তার ভাষায়, ‘এটি এখন আর শুধু একটি চলচ্চিত্র নয় বরং একটি বৈশ্বিক সংস্কৃতির অংশ হয়ে গেছে।’
নেটফ্লিক্সের বিপণন বিভাগের দেওয়া তথ্য অনুযায়ী, ভক্তদের প্রবল চাহিদা ও উদ্দীপনাকে গুরুত্ব দিয়েই তারা পরবর্তী পরিকল্পনাগুলো সাজিয়েছে। বর্তমানে ভিডিও গেম, পোশাক ও খাদ্যপণ্যসহ বিভিন্ন খাতের নামী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে এই চলচ্চিত্রের ব্যবসায়িক অংশীদারিত্ব গড়ে উঠেছে। শুরুতে বড় ব্র্যান্ডগুলো এই প্রজেক্ট নিয়ে কিছুটা দ্বিধায় থাকলেও জনপ্রিয়তার শীর্ষে পৌঁছানোর পর এখন অনেক প্রতিষ্ঠানই এতে যুক্ত হওয়ার আগ্রহ দেখাচ্ছে। সাফল্যের ধারাবাহিকতায় বর্তমানে এই সিনেমাটি ঘিরে নতুন সব খেলনা ও বিপণন সামগ্রী তৈরি হচ্ছে। এমনকি ভক্তদের জন্য বিশেষ লাইভ কনসার্ট ও অভিজ্ঞতা কেন্দ্র স্থাপনের পরিকল্পনাও প্রক্রিয়াধীন রয়েছে, যেখানে দর্শকরা সিনেমার জগতকে সরাসরি উপভোগ করার সুযোগ পাবেন।
এই প্রকল্পের বিশাল সাফল্য সংশ্লিষ্ট কণ্ঠশিল্পীদের ব্যক্তিগত ও পেশাগত জীবনেও বড় ইতিবাচক পরিবর্তন এনেছে। তাদের অনেকেই এখন নতুন সংগীত অ্যালবাম প্রকাশ এবং বড় বড় চলচ্চিত্রে কাজ করার সুযোগ পাচ্ছেন। নেটফ্লিক্স কর্তৃপক্ষ দৃঢ়ভাবে বিশ্বাস করছে যে, আগামী দিনেও এই চলচ্চিত্রটি ঘিরে আরও বড় পরিসরে আয়োজন ও কার্যক্রম অব্যাহত থাকবে এবং এটি দীর্ঘকাল দর্শকদের হৃদয়ে বিশেষ স্থান দখল করে রাখবে।
রোবট হয়ে আসছেন জেনা ওর্তেগা
পূবাইলে বয়লার বিস্ফোরণে অয়েল কারখানায় আগুন
ফটিকছড়িতে মুক্তিযোদ্ধার ঝুলন্ত মরদেহ উদ্ধার