ভোলার সদর উপজেলায় কারিমা আক্তার (২৬) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। শহরের মুসলিমপাড়া এলাকা থেকে অচেতন অবস্থায় উদ্ধারের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
পারিবারিক সূত্রে জানা যায়, কারিমা আক্তার ভোলা সদর উপজেলার ওয়েস্টার্নপাড়া আদর্শ একাডেমি সংলগ্ন এলাকার বাসিন্দা। কয়েকদিন আগে তিনি সদর উপজেলার চরসামাইয়া ইউনিয়নের শান্তিরহাট এলাকায় অবস্থিত তার শ্বশুরবাড়িতে যান। এরপর থেকে তার অবস্থান সম্পর্কে পরিবারের সদস্যরা নিশ্চিত কোনো তথ্য পাননি।
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার (১৮ জুন) সন্ধ্যা ৭টার দিকে ভোলা শহরের মুসলিমপাড়া এলাকার একটি সড়কের পাশে অচেতন অবস্থায় এক নারীকে পড়ে থাকতে দেখে স্থানীয়রা তাকে উদ্ধার করে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবির মাধ্যমে পরিবারের সদস্যরা তাকে কারিমা আক্তার হিসেবে শনাক্ত করেন।
খবর পেয়ে স্বজনরা হাসপাতালে ছুটে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার (১৯ জুন) সকাল ৭টার দিকে কারিমা আক্তারের মৃত্যু হয়।
স্বজনদের দাবি, সুস্থ-সবল একজন নারী কীভাবে রাস্তার পাশে অচেতন অবস্থায় পড়ে গেলেন এবং তার মৃত্যুর পেছনে কী কারণ রয়েছে, তা রহস্যজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত এবং প্রকৃত কারণ উদঘাটনের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য ভোলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।