ভোলা সদর উপজেলায় বাড়ির পাশের পুকুরে ডুবে আলিফা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। রবিবার (৮ নভেম্বর) দুপুরে উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে।
নিহত আলিফা ওই এলাকার মো. নিরব ও শিরিন দম্পতির মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, ঘটনার সময় শিশুটির মা ঘরের কাজে ব্যস্ত ছিলেন। এ সময় পরিবারের অন্য সদস্যদের অগোচরে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। পরে তাকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে বসতঘরের পাশের পুকুরে শিশুটিকে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন তারা।
পরে তাকে ভোলার ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মনিরুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় শিশুটির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা দায়েরের কার্যক্রম চলছে।