ভোলার লালমোহনে পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ৬০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. আল আমিন ফরাজী (২৭) নামে এক যুবককে আটক করা হয়েছে।
রবিবার (৮ নভেম্বর) রাত ১২টা ২০ মিনিটের দিকে উপজেলার কালমা ইউনিয়নের চরলক্ষী ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়িতে এ অভিযান চালানো হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, ভোলা জেলা পুলিশ সুপার মো. শহিদুল্লাহ কাওছার, পিপিএম (বার)-এর দিকনির্দেশনায় এবং লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলামের তত্ত্বাবধানে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল এ অভিযান চালায়। এ সময় আল আমিন ফরাজীর বসতঘরের সামনে থেকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ তাকে আটক করা হয়।
আটক মো. আল আমিন ফরাজী চরলক্ষী ৮ নম্বর ওয়ার্ডের মুন্সি বাড়ির মো. সেলিম ফরাজীর ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় লালমোহন থানায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর ০৮, তারিখ ৮ নভেম্বর ২০২৬ এবং জিআর নম্বর ২৯৯।
লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। মাদক নির্মূলে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। মাদক ব্যবসা ও কারবারের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।