প্রকাশ্যে ফেরদৌস ওয়াহিদ-সাঈদা শম্পার ’মন বোঝে না’

বাংলা পপ গানের অন্যতম কিংবদন্তি ফেরদৌস ওয়াহিদ ও প্রবাসী বাংলাদেশী শিল্পী সাঈদা শম্পার গাওয়া নতুন দ্বৈত গান ‘মন বোঝে না’ মুক্ত হয়েছে। এই গানটির কথা লিখেছেন দেশের অন্যতম প্রথিতযশা গীতিকবি গোলাম মোর্শেদ এবং সুর ও সংগীতে ছিলেন শহীদ মাহমুদ। গানটি নিয়ে ফেরদৌস ওয়াহিদ বলেন, প্রথমেই বলবো বেশ ভালো একটি কাজ হয়েছে এটি। হবারই কথা।  কারণ এর গীতিকার গোলাম মোর্শেদ অত্যন্ত গুণী একজন মানুষ।  যার লেখা গান আমার খুব পছন্দের। এছাড়া আমার সহশিল্পী সাঈদা শম্পাও গানটি ভালো গেয়েছেন।  সবমিলিয়ে শ্রোতাদের মনে ছুঁয়ে যাওয়ার মতো একটি গান ‘মন বোঝে না’। আশা করছি সবার ভালো লাগবে গানটি।’ 

গানটির আরেক শিল্পী সাঈদা শম্পা তার প্রতিক্রিয়া জানাতে গিয়ে বলেন,’আমার প্রথম আনন্দের বিষয় হচ্ছে, গানটিতে আমার সাথে কন্ঠ দিয়েছেন, বাংলাদেশের কিংবদন্তি শিল্পী ফেরদৌস ওয়াহিদ। উনার সাথে দ্বৈত কণ্ঠে গান গাওয়ার আনন্দই  আলাদা রকমের। ‘মন বোঝে না’ গানটি ওনার সাথে গাওয়া আমার দ্বিতীয় গান। প্রথম গানটির মতো এই গানের বেলাতেও আমার মনে হয়েছে, আমি যেন ওনার সাথে বহু বছর ধরে গান করছি। এমনই আন্তরিকতার সাথে উনি নিজেকে সম্পৃক্ত রাখেন, ভয়েস নেয়া এবং শুটিং করার সময়।  আর গোলাম মোর্শেদ ভাইয়ের অনবদ্য লিরিকে মিষ্টি রোমান্টিক সুর এবং সঙ্গীত সাজিয়েছেন শহীদ মাহমুদ। গানটি করার সময় আমি যেভাবে উপভোগ করেছি ,আশা করছি শ্রোতারাও সেরকম ভাবেই উপভোগ করবেন গানটি।’ 

এই গানটির গীতিকার দেশের অন্যতম প্রথিতযশা গীতিকবি গোলাম মোর্শেদ বললেন,’ফেরদৌস ওয়াহিদ ভাই কিংবদন্তিতো বটেই,একইসাথে একজন অসাধারণ মানুষ তিনি।  উনার সাথে কাজ করাটা সবসময়ই আনন্দের।  আর তা গায়কী নিয়ে আমি কি বলবো ! উনার তুলনা উনি নিজেই। আর সাঈদা শম্পাও গানটিতে আমার কথার সাথে যে আবেগ দরকার তা দেয়ার চেষ্টা করেছে পুরোপুরি।  আমার ভালো লেগেছে ব্যাপারটি। সবমিলিয়ে ফেরদৌস ওয়াহিদ ভাই ও শম্পার এই প্রাণবন্ত গানটি সবার মনে পৌঁছে যাবে বলে আশা করছি।’ 

প্রযোজনা সংস্থা গান জানালার ইউটিউব চ্যানেলে মুক্ত হওয়া গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন রুমকী রুসা ও মাশরুর হোসাইন। আর মডেল হিসেবে দেখা গেছে খুশী ও রাহাতকে।