বলিউডের ‘দেশি গার্ল’ থেকে হলিউডের লিডিং লেডি হয়ে ওঠার পথটা প্রিয়াঙ্কা চোপড়ার জন্য কোনো রূপকথা ছিল না, ছিল অক্লান্ত পরিশ্রমের গল্প। তবে ২০২৬ সালের জুনে এসে ‘ফরচুন ইন্ডিয়া’কে দেওয়া তার এক বিশেষ সাক্ষাৎকার প্রমাণ করল, প্রিয়াঙ্কা এখন গ্লোবাল এন্টারটেইনমেন্টের এমন এক চূড়ায় পৌঁছে গেছেন, যেখানে বড় বড় চিত্রনাট্য তার জন্য অপেক্ষা করে। একদিকে অস্কারজয়ী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে নতুন কোলাবোরেশন, অন্যদিকে এস. এস. রাজামৌলির চার মহাদেশ জুড়ে শুট হতে যাওয়া মেগা প্রজেক্ট ‘বারাণসী’। প্রিয়াঙ্কা এখন বিশ্ব চলচ্চিত্রের অন্যতম শক্তিশালী গ্লোবাল পাওয়ার হাউজ।
জোলির সঙ্গে প্রজেক্টের বিষয়ে গোপন রেখেছেন তিনি। বিনোদন বিশ্লেষকদের মতে, জাতিসংঘের এই দুই দীর্ঘদিনের শুভেচ্ছাদূতের মেলবন্ধন কেবল বড় পর্দার সিনেমাই নয়, বরং বড় কোনো বৈশি^ক সমাজকল্যাণমূলক কাজ কিংবা ‘সিটাডেল’-এর মতো আন্তর্জাতিক স্পাই-অ্যাকশন প্রজেক্টও হতে পারে।