চ্যানেল আইয়ে ‘স্পেলিং স্টার’

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:৫৮ এএম

প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও বানানে দক্ষ করে তুলতে শুরু হচ্ছে নতুন রিয়েলিটি শো ‘শাহীন শিক্ষা পরিবার-চ্যানেল আই স্পেলিং স্টার ২০২৬’। দেশের স্বনামধন্য শিক্ষা উন্নয়নমূলক প্রতিষ্ঠান শাহীন শিক্ষা পরিবার ও চ্যানেল আইয়ের যৌথ উদ্যোগে চতুর্থ ও পঞ্চম শ্রেণির (বাংলা ও মাদ্রাসা মাধ্যম) শিক্ষার্থীদের নিয়ে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

এ উপলক্ষে গতকাল দুপুরে চ্যানেল আই ভবনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চ্যানেল আই বার্তা বিভাগের প্রধান নির্বাহী সম্পাদক জাহিদ নেওয়াজ খান, শাহীন শিক্ষা পরিবারের চেয়ারম্যান মাসুদুল আমীন শাহীন এবং রিজিওনাল রিড প্রিন্সিপ্যাল মিলন সরকার। সংবাদ সম্মেলনে জানানো হয়, প্রাথমিক পর্যায়ে দেশের ৩৫টি ভেনুতে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হবে। সেখান থেকে মোট ৩৫০ থেকে ৪০০ শিক্ষার্থীকে নিয়ে বিভাগীয় পর্যায়ের দ্বিতীয় পর্ব শুরু হবে। বিভাগীয় পর্বের চূড়ান্ত বাছাই শেষে সেরা ১০০ জন শিক্ষার্থী মূল পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবে। এই ১০০ জন প্রতিযোগীকে নিয়েই চ্যানেল আইয়ের পর্দায় প্রচারিত হবে রিয়েলিটি শোর মূল পর্ব।

আয়োজকরা জানান, প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের ইংরেজি ভাষা ও বানানে দক্ষভাবে গড়ে তোলাই এই প্রতিযোগিতার মূল লক্ষ্য। রিয়েলিটি শোর নিয়মকানুনসহ বিস্তারিত তথ্য চ্যানেল আই ও শাহীন শিক্ষা পরিবারের অফিশিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে পাওয়া যাবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত