আরেকটি চমকের অপেক্ষায় কেপ ভার্দে

প্রথমবার বিশ্বকাপে নাম লিখিয়ে ইতিহাস গড়া কেপ ভার্দে নিজেদের অভিষেক ম্যাচেও চমক দেখায়। ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেনকে গোলশূন্য ড্রয়ে আটকে দিয়ে টুর্নামেন্টের অন্যতম আলোচিত দলে পরিণত হয় আফ্রিকার দ্বীপ রাষ্ট্রটি। আগামীকাল বাংলাদেশ সময় ভোর ৪টায় ‘এইচ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মিয়ামিতে দক্ষিণ আমেরিকার অন্যতম পরাশক্তি উরুগুয়ের মুখোমুখি হবে দলটি।

স্পেনের বিপক্ষে দুর্দান্ত ফলের পর কেপ ভার্দের ফুটবলারদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। ২৩ বছর বয়সী ডিফেন্ডার সিডনি লোপেস কাবরাল মনে করেন, ফুটবল বিশ্ব এখনো তাদের সামর্থ্যরে পুরোটা দেখেনি। সম্প্রতি বেনফিকা থেকে তুরস্কের ক্লাব ট্রাবজনস্পোরে যোগ দেওয়া এই ডিফেন্ডার বলেন, ‘মানুষ আমাদের শতভাগ সামর্থ্যটা দেখতে পারেনি। তবে আন্ডারডগ হিসেবে খেলতেই আমার ভালো লাগে।’ দলটির আরেক মিডফিল্ডার দেরয় দুয়ার্তে মনে করেন, স্পেনের বিপক্ষে ড্র করতে পারলে উরুগুয়ের বিপক্ষে জয়ের স্বপ্ন দেখাও উচিত তাদের।

কেপ ভার্দের অনুপ্রেরণার বড় উৎস গোলরক্ষক ভোজিনহা। স্পেনের বিপক্ষে ম্যাচসেরা হওয়া ৪০ বছর বয়সী এই গোলরক্ষক ম্যাচ শেষে আবেগাপ্লুত হয়ে অঝোরে কেঁদেছিলেন। তার সেই ভিডিও নেট দুনিয়ায় ছড়িয়ে পড়লে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের সহায়তায় তার মা আনা কানদিদা এভোরা ভিসা পান এবং শুক্রবার মিয়ামিতে পৌঁছান। ফলে ছেলের বিশ্বকাপের পরবর্তী ম্যাচটি গ্যালারিতে বসে দেখবেন তিনি। এবার উরুগুয়ের বিপক্ষে ম্যাচেই পূর্ণ মনোযোগ ভোজিনহার, ‘আমরা এখানে শুধু অংশ নিতে আসিনি, প্রতিদ্বন্দ্বিতা করতে এসেছি।’

অন্যদিকে, প্রথম ম্যাচে সৌদি আরবের সঙ্গে ১-১ ড্র করা উরুগুয়ের জন্য এই ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। প্রথমার্ধে হতাশাজনক পারফরম্যান্সের পর দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ায় তারা। তবে কোচ মার্সেলো বিয়েলসা এমন পারফরম্যান্সে সন্তুষ্ট নন। সাবেক লিভারপুল ফরোয়ার্ড দারউইন নুনিয়েজকে একাদশ থেকে বাদ দিয়ে আগুস্তিন কানোব্বিওকে সুযোগ দেওয়ার সম্ভাবনা রয়েছে। শেষ ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার আগে পূর্ণ তিন পয়েন্টে চোখ উরুগুয়ের।