মরক্কোর নকআউটের সুবাস

আপডেট : ২১ জুন ২০২৬, ১২:২১ এএম

ম্যাসাচুসেটসের বোস্টন স্টেডিয়ামে তখনো গ্যালারির দর্শক ঠিকঠাক আসনই গ্রহণ করতে পারেননি। ম্যাচের বয়স সবেমাত্র ৭১ সেকেন্ড। ঠিক তখনই স্কটিশ ডিফেন্ডার গ্র্যান্ট হ্যানলির অসতর্কতার সুযোগ নিয়ে ব্রাহিম দিয়াজের নিখুঁত থ্রু পাস ধরে বুলেট গতিতে বল জালে জড়ালেন ইসমায়েল সাইবারি। চলতি ২০২৬ বিশ্বকাপের দ্বিতীয় দ্রুততম গোলের এই এক ঝড়েই লণ্ডভণ্ড হয়ে যায় স্কটল্যান্ডের সব পরিকল্পনা। আসরে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী ব্রাজিলকে রুখে দেওয়ার পর, এবারও সাইবারির এই ঐতিহাসিক গোলের ওপর ভর করেই স্কটল্যান্ডকে ১-০ ব্যবধানে হারায় মরক্কো। এই জয়ে ৪ পয়েন্ট নিয়ে নকআউট পর্বের দৌড়ে অনেকটাই এগিয়ে গেল গত বিশ্বকাপের সেমিফাইনালিস্টরা।

ম্যাচের শুরুতেই গোল খেয়ে ব্যাকফুটে চলে যাওয়া স্কটল্যান্ড প্রথমার্ধে মরক্কোর গতির কাছে স্রেফ দিশেহারা হয়ে পড়েছিল। মিডফিল্ডে ১৮ বছর বয়সী বিস্ময়বালক আইয়ুব বুয়াদ্দি পুরো ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে নেন। পুরো ম্যাচে মরক্কো রেকর্ড ৬০১টি পাস খেলে, যা ১৯৬৬ সালের পর বিশ্বকাপে যেকোনো আফ্রিকান দলের সর্বোচ্চ পাসের রেকর্ড। প্রথমার্ধেই আশরাফ হাকিমি, বিলাল এল খানৌস ও আজজেদিন ওনাহিরা ব্যবধান দ্বিগুণ করার একাধিক সুযোগ হাতছাড়া না করলে স্কটল্যান্ডের কপালে আরও বড় বিপর্যয় ঘটতে পারত।

তবে দ্বিতীয়ার্ধে জন ম্যাকগিন ও স্কট ম্যাকটমিনেদের কল্যাণে আক্রমণে ফেরে স্কটিশরা। দুইবার পেনাল্টির জোরালো আবেদন করলেও রেফারি তা নাকচ করে দেন। ম্যাচের শেষদিকে সাইবারির একটি শট পোস্টে লেগে ফিরে আসলে ব্যবধান আর বাড়েনি। ম্যাচ শেষ হয় ১-০ স্কোরলাইনে।

ব্রাজিল ম্যাচের ড্র বড় অর্জন হিসেবে বিবেচনা হলেও মরক্কান কোচের কাছে এই ম্যাচে বেশি ভালো খেলেছে তার দল। ম্যাচ শেষে সেই প্রসঙ্গে কোচ মোহামেদ ওয়াহবি বলেন, ‘ব্রাজিল ম্যাচের চেয়েও আজ আমাদের পারফরম্যান্স ও কার্যকারিতা অনেক উন্নত ছিল। আমরা পুরো ম্যাচ নিয়ন্ত্রণ করেছি। তবে দ্বিতীয় গোলটি না পাওয়ায় শেষ দিকে কিছুটা রক্ষণাত্মক হতে হয়েছে।’

অন্যদিকে, হারের বেদনায় পুড়লেও ঘুরে দাঁড়ানোর তাড়না স্কটল্যান্ড কোচ স্টিভ ক্লার্কের কণ্ঠে। ‘এমন শুরুতে (৭১ সেকেন্ডেই গোল) দুর্বল দলগুলো ভেঙে পড়ে, কিন্তু আমরা লড়েছি। খেলোয়াড়দের আগামী ৪৮ ঘণ্টা এই কষ্টটা সইতে হবে। এরপর আমাদের ব্রাজিলের বিপক্ষে কঠিন পরীক্ষার জন্য প্রস্তুত হতে হবে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত