আশুলিয়ায় দলবদ্ধ ধর্ষনের শিকার, গ্রেপ্তার ৩

সাভারের আশুলিয়ায় প্রেমিকাকে ডেকে তিন বন্ধু মিলে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে তিনজনকে গ্রেপ্তার করেছে। 

রবিবার (২১ জুন) সকালে আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ রাশেদুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেন। 

এর আগে শনিবার (২০ জুন) সকাল ১১টার দিকে আশুলিয়ার ইয়ারপুর ইউনিয়নের জামগড়া প্রাইমারি স্কুল সংলগ্ন লীলা চৌধুরীর মালিকানাধীন ভাড়া বাসায় এই ধর্ষণের ঘটনা ঘটে। 

গ্রেপ্তারকৃতরা হলেন— সিফাত (১৮) জামগড়া প্রাইমারি স্কুলের পেছনে লীলা চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া মো. জয়নালের ছেলে। মো. মমিন শেখ (১৮) ফরিদপুর জেলার বোয়ালমারী উপজেলার চাপখন্ড এলাকার মো. মোবারক শেখের ছেলে। মো. সুমন শেখ (১৮) সিরাজগঞ্জ জেলার সলংগা থানার রাউলী এলাকার মো. দেলোয়ার শেখের ছেলে। এই মামলায় ঘটনার সাথে জড়িত মো. জাকির হোসেন নামে অপর এক অভিযুক্ত পলাতক রয়েছেন।

পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর সঙ্গে মমিন শেখের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ছিল। গতকাল শনিবার মমিন ওই তরুণীকে জামগড়া এলাকায় দেখা করতে বলেন। পরে প্রেমিক মমিনের কথামতো ওই তরুণী জামগড়ায় এলাকায় দেখা করে। পরে মমিন তার বন্ধু সিফাতের বাসায় ওই ভুক্তভোগী তরুণীকে নিয়ে যায়। এরপর কৌশলে তিন বন্ধু মিলে পালাক্রমে ওই তরুণীকে ধর্ষণ করে পালিয়ে যায়।

আশুলিয়া থানার জামগড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ রাশেদুজ্জামান বলেন, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে তিন যুবককে গ্রেপ্তার করা হয়েছে। দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হবে। এ ঘটনায় ভুক্তভোগী তরুণী বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করেছে বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।