ইরান-যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে: জেডি ভ্যান্স

মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স  জানিয়েছেন আঞ্চলিক শান্তি এবং সমৃদ্ধি বজায় রাখতে যুক্তরাষ্ট্র ও ইরান একসঙ্গে কাজ করবে। রবিবার (২১জুন) সুইজারল্যান্ডে দ্বিপাক্ষিক বৈঠকের পর তিনি এ কথা জানান।

বৈঠকে ভ্যান্স ইরানকে ‘আঞ্চলিক অস্থিরতার প্রধান চালিকাশক্তি’ হিসেবে উল্লেখ করে পরিস্থিতির জন্য তাদের ওপর দোষারোপ করলেও একই সঙ্গে জানান, গত কয়েক ঘণ্টার আলোচনায় উভয় পক্ষের মধ্যে চমৎকার অগ্রগতি হয়েছে।

ভাইস প্রেসিডেন্ট ভ্যান্স বলেন, দুই দেশই এখন এমন একটি যৌথ ভবিষ্যতের প্রত্যাশা করছে যেখানে সবাই শান্তি ও সমৃদ্ধি বাড়াতে একসঙ্গে কাজ করতে পারবে।

তিনি আরও উল্লেখ করেন, প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের জনগণের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের এক নতুন অধ্যায়ের সূচনা করতে এবং এই সম্পর্ককে সম্পূর্ণ বদলে দিতে তাদের নির্দেশনা দিয়েছেন।

প্রসঙ্গত, ইরানের সঙ্গে নির্ধারিত আলোচনা শুরুর আগে পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে বৈঠক করেছে মার্কিন প্রতিনিধিদল। রবিবার (২১জুন) সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে  মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ এবং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার অংশ নেন। বৈঠকটি সুইজারল্যান্ডের বুর্গেনস্টকে অনুষ্ঠিত হয়, এ সময় মার্কিন প্রতিনিধিদলের সদস্যদের পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ এবং দেশটির সেনাপ্রধান আসিম মুনিরের সঙ্গে করমর্দন করেন।