ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার এক চিত্র সাংবাদিক ও এক শিশুসহ কমপক্ষে ৬ জন নিহত হয়েছেন। গাজার স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে বিবিসি জানিয়েছে, গত শনিবার মধ্য গাজার একটি বাড়িতে হামলায় নিহত হন আলজাজিরার সাংবাদিক আহমেদ উইশাহ। এ হামলাকে জঘন্য অপরাধ আাখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে আলজাজিরা। সংবাদমাধ্যমটি বলেছে, উইশাহর মৃত্যু সব আন্তর্জাতিক আইন ও রীতিনীতির একটি নতুন এবং সুস্পষ্ট লঙ্ঘন এবং এটি সাংবাদিকদের লক্ষ্যবস্তু করা ও সত্যের কণ্ঠরোধ করার একটি ধারাবাহিক পরিকল্পিত নীতির প্রতিফলন।
ইসরায়েল প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) উইশাহকে হামাসের সামরিক শাখার একজন সন্ত্রাসী ও স্নাইপার হিসেবে অভিযুক্ত করেছে। সাম্প্রতিক মাসগুলোতে উইশাহ ইসরায়েলি সৈন্যদের বিরুদ্ধে উন্নত স্নাইপার হামলার পরিকল্পনা করেছিলেন বলে দাবি আইডিএফের। হামাস পরিচালিত একটি বেসামরিক প্রতিরক্ষা সংস্থা জানায়, বুরেইজ শরণার্থী শিবিরের একটি বাড়িতে হামলায় উইশাহর সঙ্গে আরও দুজন নিহত হয়েছেন। আইডিএফ নিহত অন্য দুজনকেও হামাসের সদস্য বলে অভিযুক্ত করেছে। উইশাহর ভাই মোহাম্মদ আলজাজিরার একজন সংবাদদাতা ছিলেন। চলতি বছর এপ্রিলে একটি ইসরায়েলি হামলায় নিহত হন তিনি।