প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানকে নিয়ে এনসিপির সংসদ সদস্য হান্নান মাসউদের বক্তব্যকে কেন্দ্র করে গতকাল রবিবার উত্তাপ ছড়িয়েছে জাতীয় সংসদে। এ সময় সরকার ও বিরোধী দলের সদস্যদের পাল্টাপাল্টি যুক্তিতে হট্টগোল সৃষ্টি হয়। গতকাল ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশনের ১১তম দিনে এই পরিস্থিতির সৃষ্টি হয়। অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।
প্রধানমন্ত্রী তারেক রহমান অসত্য তথ্য দিয়ে ঋণখেলাপিদের উৎসাহিত করছেন এমন অভিযোগ এনে হান্নান মাসউদ বলেন, “তিনি (প্রধানমন্ত্রী) বিভিন্ন ভাষণে বিরোধী দল সম্পর্কে অসত্য তথ্য দিচ্ছেন। ঋণ নিয়ে কথা বলতে গিয়ে তিনি যখন বলেন, ‘আপনারা সবাই জমিদার যারা ঋণ নেন নাই’, এর মাধ্যমে মূলত তিনি ঋণখেলাপিদের উৎসাহিত করছেন। আমরা এমন সংসদ চাই না, যেখানে প্রধানমন্ত্রী অসত্য তথ্য দেন।”
পরে অনির্ধারিত আলোচনায় সরকারি দল বিএনপির সংসদ সদস্য জয়নাল আবদিন ফারুক বলেন, ‘আমরা সংসদকে কার্যকর করতে উভয় পক্ষ একটি সম্মতিতে এসেছি। সংসদে এমন কোনো অসত্য বাক্য উত্থাপন করা উচিত নয়, যাতে কারও মানহানি হয়। নতুন প্রজন্মের একজন সংসদ সদস্য সংসদ নেতাকে নিয়ে কিছু বক্তব্য রেখেছেন, যা অত্যন্ত ক্ষোভের।’
জয়নাল আবদিন ফারুকের বক্তব্যের পর বিরোধী দলের চিফ হুইপ নাহিদ ইসলাম পাল্টা যুক্তি দিয়ে বলেন, ‘সংসদ সদস্য ঢালাওভাবে অসত্য বলেছেন এমন দাবি না করে সুনির্দিষ্টভাবে বলতে হবে কোন তথ্যটি ভুল ছিল। তিনি মূলত সংসদ নেতার বক্তব্যের প্রেক্ষিতেই নিজের মতামত প্রকাশ করেছেন।’ এরপর স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বিরোধী দলের চিফ হুইপের বক্তব্য সঠিক নয়। কারণ তিনি (জয়নাল আবদিন ফারুক) সুনির্দিষ্টভাবেই বলেছেন, আমাদের সংসদ নেতা ও প্রধানমন্ত্রীকে নিয়ে অসত্য বক্তব্য দিয়েছেন। আপনারা ফ্যাসিস্টের কথা বলেন, কিন্তু ফ্যাসিস্ট আচরণ তো আপনাদের কাছ থেকেই আসছে। যে অংশটুকু অসত্য, তা দয়া করে এক্সপাঞ্জ করবেন।’
এ সময় সংসদ সদস্য হান্নান মাসউদ বারবার দাঁড়িয়ে কথা বলতে চাইলে স্পিকার তাকে সতর্ক করে বলেন, ‘আপনার সময় শেষ। এভাবে যখন খুশি তখন দাঁড়ানো সংসদের রীতি নয়। প্লিজ টেক ইয়োর সিট। এটা শাহবাগ চত্বর নয়, জাতীয় সংসদ।’
পরে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘হান্নান মাসউদ সংসদ নেতার ব্যাপারে কিছু কথা বলেছেন। আমি অনুরোধ করব, বাইরের বিষয় টেনে এনে এখানে এক্সপাঞ্জ বা বক্তব্য দেওয়া যেন অ্যালাও না করা হয়। সংসদের ভেতরে সংসদীয় নর্মস থাকা উচিত। সত্য-অসত্যের এই ঝগড়ায় গেলে হয়তো অনেক কিছু লজ্জাজনক হয়ে যাবে।’ এরপর ডেপুটি স্পিকার কায়সার কামাল বলেন, ‘আমরা সবকিছু বিচার-বিশ্লেষণ করে বিধি মোতাবেক সিদ্ধান্ত নেব।’
শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার : সরকারি কর্মচারীদের জনবল সংক্রান্ত হালনাগাদ তথ্য অনুযায়ী ২০২৩ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত কর্মচারীর শূন্যপদ ৪ লাখ ৬৮ হাজার ২২০টি বলে গতকাল সংসদে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মো. আব্দুল বারী। তিনি বলেন, শূন্যপদ পূরণের জন্য কর্মপরিকল্পনা প্রণয়ন করা হয়েছে। আগামী ৬ মাসের মধ্যে জনপ্রশাসন মন্ত্রণালয়ের দুই হাজার ৮৭৯টি, এক বছরের মধ্যে চার হাজার ৪৫৯টি ও ৫ বছরের মধ্যে তিন হাজার ১১০টি শূন্যপদে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করা হবে। সংসদ সদস্য সরওয়ার জামাল নিজামের এক প্রশ্নের লিখিত উত্তরে তিনি এ তথ্য জানান। এ সময় স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন।
নিজের বক্তব্য এক্সপাঞ্জ করলেন স্পিকার : বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হককে নিয়ে সংসদে দেওয়া নিজের মন্তব্য এক্সপাঞ্জ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। পাশাপাশি মামুনুল হককে নিয়ে ঢাকা-১ আসনের বিএনপির সংসদ সদস্য খোন্দকার আবু আশফাকের এবং নিজের বাবাকে মুক্তিযুদ্ধে শহীদ দাবি করা নীলফামারী-৪ আসনের জামায়াতের এমপি আব্দুল মুনতাকিমের বক্তব্যও এক্সপাঞ্জ করেন তিনি। গতকাল রবিবার জাতীয় সংসদের বৈঠকের শুরুতে স্পিকার সংসদকে এ তথ্য জানান। গত বৃহস্পতিবার সংসদ সদস্য আশফাকের বক্তব্য এক্সপাঞ্জ করেছিলেন স্পিকার। সেদিন স্পিকার বলেছিলেন, ‘একজন রাজনৈতিক নেতার জীবনের অন্ধকার অংশ এখানে আলোচিত হোক, চাই না আমরা।’ গতকাল নিজের এই বক্তব্য নিজেই এক্সপাঞ্জ করেন স্পিকার।