চাঁদাবাজির অভিযোগে আটক নারায়ণগঞ্জের এমপিপুত্র সজীব

আপডেট : ২২ জুন ২০২৬, ০৭:১০ এএম

নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁ-সিদ্ধিরগঞ্জ) আসনের বিএনপির সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নানের ছেলে জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খাইরুল ইসলাম সজীবকে চাঁদাবাজিসহ নানা অভিযোগে আটক করেছে পুলিশ।

গতকাল শনিবার দুপুরে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের সহযোগিতায় তাকে আটক করা হয় বলে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন। সন্ধ্যায় পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো এক বার্তায় জানানো হয়েছে, সজীবকে আরও অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে আনা হয়েছে।

সন্ধ্যায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে অতিরিক্ত পুলিশ সুপার তারেক সাংবাদিকদের বলেন, ‘সজীবের বিরুদ্ধে চাঁদাবাজিসহ কয়েকটি অভিযোগ পেয়েছি আমরা। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাকে বসুন্ধরা আবাসিক এলাকার বাসা থেকে হেফাজতে নেওয়া হয়। সেখান থেকে আমাদের সঙ্গে আসার জন্য সহযোগিতা কামনা করি। তিনি আমাদের সহযোগিতা করেছেন। তাকে আমরা এসপি অফিসে জিজ্ঞাসাবাদ করেছি।’

তিনি জানান, চাঁদাবাজির বিষয়ে সজীবকে জিজ্ঞাসাবাদের জন্য বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপারের কার্যালয়ে নিয়ে আসা হয়েছে। এক ঘণ্টারও বেশি জেলা পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য সন্ধ্যা সাড়ে ৬টার দিকে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

তবে চাঁদাবাজির অভিযোগের বিষয়ে বিস্তারিত কিছু জানাননি এ পুলিশ কর্মকর্তা। তিনি বলেন, ‘ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে আমরা তাকে এনেছিলাম। বিষয়টি নিয়ে আমরা এখনো বিস্তারিত কিছু জানাতে পারছি না।’

ডিএমপি অতিরিক্ত কমিশনার (গোয়েন্দ) শফিকুল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, জেলা পুলিশ খাইরুল ইসলাম সজীবকে ডিবিতে হস্তান্তর করেছে। তাকে গভীরভাবে জিজ্ঞাসাবাদ চলছে। তবে কী বিষয়ে বিজ্ঞাসাবাদ করা হচ্ছে, সে সম্পর্কে এখনই কিছু বলা যাবে না। তার কাছ থেকে আশানুরূপ জবাব না পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত