সিলেট জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট মো. সারওয়ার আলমকে প্রত্যাহার করা হয়েছে। তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়েছে। গতকাল রবিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়। সিলেটে হযরত শাহজালাল (র.) মাজারের দানবাক্স এবং হযরত শাহপরাণের মাজারের আয়-ব্যয়ের স্বচ্ছতা আনা এবং মাদক বন্ধে তার নেওয়া সিদ্ধান্তের আলোচনার মধ্যে সারওয়ার আলমকে সরিয়ে দেওয়া হলো।
গত বৃহস্পতিবার সারওয়ার আলমের নেতৃত্বে সিলেট জেলা প্রশাসন হযরত শাহজালালের (র.) মাজারে নতুন কয়েকটি দানবাক্স স্থাপন করে। একই সঙ্গে মাজারে থাকা দানের ঐতিহাসিক তিনটি ডেগ সিলগালা করা এবং নিরাপত্তার জন্য আনসার সদস্য মোতায়েন করা হয়। এ নিয়ে মাজারভক্তরা ক্ষোভ প্রকাশ করেন। গত শুক্রবার সিলেটের হযরত শাহপরাণ (র.) মাজার পরিদর্শন করেন ডিসি সারওয়ার আলম। এ সময় মাজারটির আয়-ব্যয়ে স্বচ্ছতা, পরিকল্পিত উন্নয়ন ও মাদকের আসর বন্ধে বিভিন্ন নির্দেশনা দেন তিনি।
সারওয়ার আলম র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে ভেজালবিরোধীসহ অনেক অভিযান পরিচালনার জন্য পরিচিতি পেয়েছিলেন। ২০২০ সালের ৯ নভেম্বর তাকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে বদলি করা হয়। ২০২৪ সালের আগস্টে রাজনৈতিক পটপরিবর্তনের পর প্রশাসনের বঞ্চিত কর্মকর্তা হিসেবে উপসচিব হিসেবে পদোন্নতি পেয়েছিলেন সারওয়ার আলম। সিলেটের ভোলাগঞ্জে সাদা পাথর লুটের ঘটনা দেশব্যাপী আলোচিত হওয়ার মধ্যে গত বছরের ১৮ আগস্ট সারওয়ার আলমকে সিলেটের ডিসির দায়িত্ব দেওয়া হয়েছিল। ২৭তম বিসিএসের এ কর্মকর্তা ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ থেকে ২০০৫ সালে স্নাতকোত্তর পাস করেন।