বরিশালের গৌরনদীতে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে জালাল সিকদার নামে ৬৫ বছরের এক বৃদ্ধের বিরুদ্ধে। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক রয়েছেন। শনিবার (২০ জুন) বিকেলে বিষয়টি জানাজানি হয়।
ভুক্তভোগীর শিশুর চাচী জানান, শিশুটিকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ইতোমধ্যে তার ডাক্তারি পরীক্ষা সম্পন্ন হয়েছে।
নির্যাতিত শিশুর পরিবারের অভিযোগ, গত ১৯ জুন বিকেলে প্রতিবেশী জালাল সিকদার তিনবছরের ওই শিশুকে মোবাইল ফোনে কার্টুন দেখানোর প্রলোভন দেখিয়ে নিজ ঘরের ডেকে নিয়ে ধর্ষণ করে। অভিযুক্ত বৃদ্ধ একাধিক বিয়ে করলেও বর্তমানে তার ঘরে কোনো স্ত্রী নেই।
গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. তৌকির আহমেদ জানান, শিশুটিকে রক্তাক্ত অবস্থায় স্বজনরা ওইদিন রাতে হাসপাতালে নিয়ে আসে। পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য রাতেই তাকে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
গৌরনদী মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. ফিরোজ আলম জানান, ঘটনাস্থল পরিদর্শন করে অভিযুক্তকে বাড়িতে পাওয়া যায়নি। এ ঘটনায় মামলা দায়ের প্রস্তুতি চলছে।