বরিশালের উজিরপুরের গ্রামীণ ব্যাংককে তিনটি পেট্রোল বোমা নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। তবে এতে বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। শুক্রবার (২৭ নভেম্বর) ভোর ৫টার দিকে বামরাইলের সানুহার এলাকায় গ্রামীণ ব্যাংক কার্যালয়ে এ ঘটনা ঘটে।
মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রকিবুল ইসলাম জানান, শুক্রবার ভোরে অজ্ঞাত তিন ব্যক্তি মোটরসাইকেলে করে গ্রামীণ ব্যাংকের সানুহার শাখা কার্যালয়ের সামনে আসে। পরে তারা কাচের বোতলে তৈরি তিনটি পেট্রোল বোমা কার্যালয়ের সিঁড়ির ওপর বিস্ফোরণ ঘটিয়ে দ্রুত মোটরসাইকেলযোগে ঘটনাস্থল ত্যাগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়।
এ ঘটনার পর উপজেলার বিভিন্ন গ্রামীণ ব্যাংকের শাখা ও কার্যালয়ের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শুধু গ্রামীণ ব্যাংক নয়, উপজেলার গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোও পুলিশের নজরদারির আওতায় আনা হয়েছে। এসব স্থাপনায় নিরাপত্তা নিশ্চিতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।