মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির প্রতিবাদে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান আলোচনা সাময়িকভাবে স্থগিত করেছে ইরান। দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য জানিয়েছে।
ইরানের সংবাদ সংস্থা ফার্স জানায়, ট্রাম্পের মন্তব্য আলোচনার পরিবেশ নষ্ট করেছে। এ কারণে ভবিষ্যৎ আলোচনা নিয়েও অনিশ্চয়তা তৈরি করেছে।
অপরদিকে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী-ঘনিষ্ঠ সংবাদমাধ্যম তাসনিম জানায়, ইরানি প্রতিনিধিদল আলোচনাস্থল ত্যাগ করেছে।
তবে মার্কিন সংবাদমাধ্যম অ্যাক্সিওস এক কূটনীতিকের বরাত দিয়ে জানায়, ইরানি প্রতিনিধিদল এখনো সুইজারল্যান্ডের বুর্গেনস্টক রিসোর্টে অবস্থান করছে এবং আলোচনা পুরোপুরি বন্ধ হয়নি।
ইরানের পার্লামেন্টের স্পিকার ও আলোচনাকারী দলের প্রধান মোহাম্মদ বাকের গালিবাফ ট্রাম্পের হুমকিকে গুরুত্বহীন বলে উড়িয়ে দিয়ে বলেন, আমেরিকার হুমকি কার্যকর হলে আজ তারা এমন অচলাবস্থায় পড়ত না। ইরান এসব হুমকিকে গুরুত্ব দেয় না। আমাদের সশস্ত্র বাহিনী যে কোনো পরিস্থিতির জবাব দিতে প্রস্তুত। তারা যত বেশি কথা বলবে, আমরা তত বেশি কাজ করব।
এর আগে ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেন, আলোচনা ব্যর্থ হলে যুক্তরাষ্ট্র হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নিতে পারে। তিনি আরও দাবি করেন, ইরান যদি প্রণালিটি বন্ধ করার চেষ্টা করে, তাহলে তার কঠোর পরিণতি হবে এবং সে ক্ষেত্রে ইরানি আলোচকরা নিজ দেশে ফিরতে পারবেন না।