সুইজারল্যান্ডে কাতার ও পাকিস্তানের মধ্যস্থতায় ইরান ও যুক্তরাষ্ট্রের অংশগ্রহণে চার-পক্ষীয় আলোচনার প্রথম পর্ব শেষ হয়েছে। ইরানের আধা-সরকারি সংবাদ সংস্থা ফার্স রবিবার এ তথ্য জানিয়েছে। ইরানি আলোচক দলের সঙ্গে পরিচিত একটি সূত্রের বরাত দিয়ে এ খবর জানানো হয়। সূত্রটির মতে, সুইজারল্যান্ডে আয়োজিত এই আলোচনার প্রাথমিক পর্ব এখন সম্পন্ন।
সূত্রটি আরও জানায়, অংশগ্রহণকারী প্রতিনিধিদলগুলোকে অভ্যন্তরীণ আলোচনার সুযোগ দেয়ার জন্য প্রায় ৮০ মিনিটের আলোচনার পর বৈঠকটি স্থগিত করা হয়। পরবর্তী অধিবেশন কখন শুরু হবে বা অন্য কোনো বিষয়ে, তাৎক্ষণিকভাবে বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে দিনের শুরুতে, কাতার ঘোষণা দেয়, দুই পক্ষের মধ্যে একটি অন্তর্বর্তীকালীন চুক্তির শর্তাবলী বাস্তবায়ন নিয়ে আলোচনার জন্য কাতারি ও পাকিস্তানি মধ্যস্থতাকারীদের অংশগ্রহণে সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু করেছে।
কয়েকমাস ধরে চলা মধ্যপ্রাচ্য সংঘাতের অবসান এবং হরমুজ প্রণালী পুনরায় খোলার লক্ষ্যে বুধবার স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অধীনে আলোচনার জন্য যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদল আগেভাগেই সুইজারল্যান্ডে পৌঁছায়। পাকিস্তানের মধ্যস্থতায় বার্গেনস্টকের এই আলোচনায় নেতৃত্ব দিচ্ছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এবং ইরানের পক্ষে সংসদ স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ ও পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি।